ভারতের গুজরাতে বকেয়া বেতন চাওয়ায় দলিত যুবককে জোর করে জুতা চাটানোর অভিযোগ উঠল এক প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে। শুধু তা-ই নয়, সঙ্গীদের সহযোগিতায় তাকে বেল্ট দিয়েও মারধর করা হয়। এছাড়া প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর নাম নীলেশ দালসানিয়া। তিনি মোরবীর একটি সিরামিক প্রতিষ্ঠানে সেলস ম্যানেজার পদে ছিলেন। গত ২ অক্টোবর কাজে যোগ দেন নীলেশ। কিন্তু নোটিস ছাড়াই ১৮ অক্টোবর তাকে ছাঁটাই করে দেওয়া হয়।
প্রতি মাসের ৫ তারিখে প্রতিষ্ঠানটির কর্মীরা বেতন পান। কিন্তু নীলেশকে ১৫ দিনের বকেয়া বেতন না দেওয়ায় প্রতিষ্ঠানের মালিককে ফোন করেন তিনি। এরপর তাকে ডেকে নেওয়া হয় মালিক রানিবা প্যাটেলের অফিসে। সেখানে যাওয়ার পর মালিক ও তার সঙ্গীরা তাকে জুতা চাটতে বাধ্য করেন। তাকে বেল্ট দিয়ে পেটানো হয়। দেওয়া হয় হত্যার হুমকিও।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভুক্তভোগী যুবকের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
