চট্টগ্রাম নগরে এক পুলিশ কর্মকর্তার মেয়ে এসএসসির পরীক্ষা হলে বিশেষ সুবিধা নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এমন একটি অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে ব্যবস্থা নিয়েছেন বলে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশ রূপান্তরকে জানান।
জানা গেছে, চট্টগ্রাম নগরীর কাজেম আলী হাই স্কুলের যে কক্ষে ওই শিক্ষার্থীর পরীক্ষা চলে, সেখানে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয় একই বিষয়ের শিক্ষককে। এ ছাড়া পরীক্ষা কেন্দ্রের ওই কক্ষে ঢুকে কিছুক্ষণ পর পর ছাত্রীর খোঁজখবর নেন পুলিশের একজন উপপরিদর্শক (এসআই)।
৩ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত মোট নয়টি বিষয়ের পরীক্ষা এভাবেই দিয়ে গেছে চট্টগ্রাম নগর পুলিশের ওই কর্মকর্তার এসএসসি পরীক্ষার্থী কন্যা।
নারায়ণ চন্দ্র নাথ এ বিষয়ে বলেন, ‘মৌখিক অভিযোগের পর চেয়ারম্যান স্যারের নির্দেশে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখি পরীক্ষা কক্ষে যে বিষয়ের পরীক্ষা সেই বিষয়ের শিক্ষক ওই কক্ষে পরীক্ষক হিসেবে ছিল। তখনই ব্যবস্থা নিয়ে তাদের চেঞ্জ করে দেওয়া হয়েছে।’
পুলিশ কর্মকর্তার মেয়ের বিশেষ সুবিধা পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘নাম প্রকাশ না করার শর্তে বুধবার এক অভিভাবক অভিযোগ করেন, ওই পরীক্ষার্থীর জন্য তার সন্তানের পরীক্ষা দিতে সমস্যা হচ্ছে। তার কাছ থেকে শুনে চেয়ারম্যান স্যারের সঙ্গে যোগযোগ করে ওই ছাত্রীর কক্ষ পরিবর্তন করে দিই। এ বিষয়ে কেন্দ্র সচিবকে সতর্ক করে দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।’
এ ঘটনায় কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালনকারী স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দীনের সঙ্গে যোগযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।
চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ওই পুলিশ কর্মকর্তার পরিচয় এখনো জানতে পারেননি বলে জানান।