কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খালিশাকোঠাল সীমান্ত থেকে নুরনবী মিয়া (৩২) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। গত বুধবার রাতে সীমান্তের ৯৩৪ নম্বর মেইন পিলারের কাছ থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। নুরনবী উপজেলার খোঁচাবাড়ী গ্রামের মকবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, নুরনবী কাজের সন্ধানে দীর্ঘদিন ধরে ভারতের দিল্লিতে অবস্থান করছিলেন। সেখানে তিনি একটি ইটভাটায় কাজ করেন। বুধবার রাত ১০টার দিকে তিনি আন্তর্জাতিক পিলার ৯৩৪-এর পাশ দিয়ে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার চেষ্টা করেন। এ সময় ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার করলা ক্যাম্পের ৩৮ ব্যাটালিয়ন বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যান।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এসএম তৌহিদ-উল-আলম জানান, নুরনবীকে ফেরত আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।