ব্যবসায় বৈচিত্র্য আনছে এসকে ট্রিমস

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ ব্যবসায় বৈচিত্র্য আনতে যাচ্ছে। কোম্পানিটি গার্মেন্টস অ্যাক্সেসরিজ উৎপাদনের পাশাপাশি বিভিন্ন ধরনের রপ্তানিমুখী ট্রাভেল ব্যাগ উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

এসকে ট্রিমস জানায়, সম্প্রতি কোম্পানিটি নিজস্ব অর্থে ছয় তলাবিশিষ্ট একটি ভবন নির্মাণ সম্পন্ন করেছে। প্রতি তলা ১২ হাজার ৬০০ বর্গফুটবিশিষ্ট ভবনটির মোট আয়তন হচ্ছে ৭৫ হাজার ৬০০ বর্গফুট, যা এখন ব্যবহারের জন্য প্রস্তুত। এছাড়া আরও একটি ভবনের সংস্কারের মাধ্যমে আয়তন বাড়ানো হয়েছে। মূলত বহুমুখী ব্যবসার উদ্দেশ্যে ভবন নির্মাণ করা হয়েছে। নতুন ও সম্প্রসারিত ভবনে কোম্পানিটি রপ্তানিমুখী লাগেজ, ট্রাভেল ব্যাগ ও ব্যাগ প্যাক উৎপাদন করে তা রপ্তানি করবে। এর আগে এসকে ট্রিমস পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়ে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে ১৯ হাজার ২৫০ বর্গফুটের আরও একটি নতুন ভবন নির্মাণকাজ সম্পন্ন করে। ওই ভবনটিতে যন্ত্রপাতি সংযোজনের কাজ চলছে। এটি সম্পন্ন হলে কোম্পানিটির গার্মেন্টস এক্সেসরিজের উৎপাদন ৩০ শতাংশ বাড়বে। এর ফলে কোম্পানির বিক্রি বেড়ে বছরে ৩৫ কোটি টাকা নিট মুনাফা হবে বলে কোম্পানিটি জানায়। এর পাশাপাশি সদ্য তৈরি নতুন ভবনে বিভিন্ন ধরনের লাগেজ ও ব্যাগ রপ্তানি শুরু হলে কোম্পানিটির নিট মুনাফা আরও বাড়বে। ২০১৮-১৯ হিসাব বছরে এসকে ট্রিমসের নিট মুনাফা ছিল ১৯ কোটি ৪৫ লাখ টাকা। আর নতুন ভবন ব্যবহার ও ব্যবসা সম্প্রসারণের আগে চলতি ২০১৯-২০ হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির নিট মুনাফা দাঁড়িয়েছে সাড়ে ১১ কোটি টাকা। ব্যবসা সম্প্রসারণ ও রপ্তানি শুরু হলে নিট মুনাফা দ্বিগুণের বেশি হবে বলে আশা করছে কোম্পানিটি।