নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে শাহীন আলম (২৯) নামের এক স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে শহরের আরশীনগর রেলক্রসিং থেকে ১০০ মিটার দূরে একটি কালভার্টের সামনে চট্টগ্রামগামী বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে নিহত হন তিনি। নিহত স্বাস্থ্যকর্মী ওই সময় মুঠোফোনে কথা বলছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
নিহত শাহীন আলম রায়পুরার নীলক্ষ্যা ইউনিয়নের বীরগাঁও গ্রামের মো. ছিদ্দিক মিয়ার ছেলে। তিনি রায়পুরার দড়িগাঁও কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি হেলথ প্রভাইডার হিসেবে কমর্রত ছিলেন।
রেলওয়ে পুলিশ জানায়, নরসিংদী শহরের বীরপুর এলাকার রেললাইনসংলগ্ন একটি মেসে ভাড়া থাকতেন শাহীন আলম। সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে মেস থেকে বেরিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রামগামী বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ফিরোজ আহমেদ বলেন, মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।