মাহমুদউল্লাহকে অবসর নিতে ‘বলেননি’ ডমিঙ্গো

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট স্কোয়াডে নেই দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। লাল বলে এই ডানহাতির পারফরম্যান্সে কোচ রাসেল ডমিঙ্গো যে সন্তুষ্ট নন, এটা ওপেন সিক্রেট। এমনকি দক্ষিণ আফ্রিকান এই কোচ মাহমুদউল্লাহকে অবসর নিতে বলেছেন বলেও গুঞ্জন।

তবে শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টর আগে সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেছেন, তিনি মাহমুদউল্লাহকে অবসর নিতে বলেননি।

মাহমুদউল্লার জন্য টেস্ট দলের দরজা খোলা বলেই জানালেন ডমিঙ্গো। যদিও কাজটা যে ৩৪ বছর বয়সী অলরাউন্ডারের জন্য সহজ নয়, এমন সুরও মিলেছে ডমিঙ্গোর কথায়।

ডমিঙ্গো সংবাদমাধ্যমকে বলেন, ‘কোনো ক্রিকেটারকে খেলা ছাড়তে বলা আমার কাজ নয়। খুব দ্রুতই হয়তো সে ফিরছে না। কিন্তু তার মতো একজন ক্রিকেটার, যে কিনা এত বছর ধরে খেলেছে। কখন দেশের হয়ে খেলা থামাতে চায় এটা ঠিক করার অধিকার তার প্রাপ্য। সেই বেনিফিট অব ডাউট আমি তাকে দিচ্ছি।’

মাহমুদউল্লাহর লড়াই করার মানসিকতারও প্রশংসা করেন ডমিঙ্গো, ‘সে লড়তে জানে। আমি নিশ্চিত সে টেস্ট দলে তার জায়গা পেতে কঠিন লড়াই করবে। ৪৯টা টেস্ট খেলেছে। বাংলাদেশের জন্য দারুণ পারফর্ম করেছে। এ রকম দৃঢ়চেতা মানসিকতা ও দলে জায়গা ফিরে পাওয়ার জেদ আমাদের জন্য ভালো।’