ওয়েলিংটনে ধুঁকছে ভারত

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথম দিন মোটেই ভালো কাটেনি ভারতে। বৃষ্টি না এলে তারা অল আউটও হতে পারত। প্রথম দিন যে ৫৫ ওভার খেলা হয়েছে তাতেই ৫ উইকেট হারিয়েছে সফরকারী দল। তুলতে পেরেছে মাত্র ১২২ রান। সবুজ পিচে কিউই পেসারদের দাপটে হাত থেকে ভারতকে বাঁচিয়েছে বৃষ্টি। শেষ সেশনে এক বলও খেলা হয়নি বৃষ্টির কারণে।

টস হেরে ব্যাটিং করতে নামা ভারতের শুরুটা মোটেই ভালো হয়নি। সফরকারীদের প্রথম উইকেট পড়ে ১৬ রানে। টিম সাউদির অসাধারণ ডেলিভারিতে বোল্ড হন পৃথ্বী। মাত্র ১৮ বলে তিনি করেন ১৬ রান। দিনের পঞ্চম ওভারে পৃথ্বি আউট হওয়ার পর ভারতের দ্বিতীয় উইকেট পড়ে ১৬তম ওভারে। অভিষিক্ত কাইলে জেমিসনের বলে উইকেটকিপার ওয়াটলিংকে ক্যাচ দেন চেতেশ্বর পুজারা। ৪২ বলে মাত্র ১১ রান করেন তিনি। এরপর সাত বলে ২ রান করে আউট হন কোহলি। জেমিসনের অফস্টাম্পের বাইরের বলে খেলতে গিয়ে প্রথম সিøপে রস টেলরের হাতে ক্যাচ দেন তিনি। নিউজিল্যান্ড সফরে রান পাচ্ছেন না ভারতীয় অধিনায়ক। এই সফরে টি-টোয়েন্টি, ওয়ানডে ও চলতি টেস্ট মিলিয়ে আট ইনিংস কোহলি মাত্র একটি হাফসেঞ্চুরি করতে পেরেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে গত ১৯ ইনিংসে সেঞ্চুরি নেই তার। গত বছর নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ইডেনে ১৩৬ রান করেছিলেন তিনি।

ভারতীয় অধিনায়ক আউট হওয়ার পর চতুর্থ উইকেটে মায়াঙ্ক আগরওয়াল ও অজিঙ্কা রাহানে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। কিন্তু দ্বিতীয় সেশনে তাদের সেই চেষ্টায় ইতি টানেন ট্রেন্ট বোল্ট। তার বলে পুল করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দেন মায়াঙ্ক। ৮৪ বলে ৩৪ রান করেন তিনি। ভারতের রান তখন ৮৮। ছয় নম্বরে নামা হনুমা বিহারিও গতকাল সফল হতে পারেননি। জেমিসনের বলে ব্যক্তিগত ৭ রানের মাথায় তিনি আউট হন। ১০১ রানে পঞ্চম উইকেট হারায় ভারত। ১২২ রানে দ্বিতীয় সেশন শেষ করে তারা। এরপর বৃষ্টির জন্য আর খেলা হয়নি। ঋদ্ধিমান সাহার পরিবর্তে খেলতে নামা ঋষভ পান্থ অপরাজিত ছিলেন ১০ রানে। অন্যপ্রান্তে ৩৮ রানে অপরাজিত ছিলেন রাহানে। কিউই পেসার জেমিসন অভিষেক টেস্টের প্রথম দিনে ৩ উইকেট নিয়ে বাজিমাত করেছেন। দিন শেষে তিনি বলেন, ‘কয়েক সপ্তাহ আমাদের দারুণ কাটছে। দলের ফর্ম বিবেচনা করলে আমরা ভালো অবস্থায় আছি।’ কোহলি উইকেট পাওয়ায় খুশি অকল্যান্ডের পেসার বলেন, ‘সে অসাধারণ ব্যাটসম্যান। তাকে তাড়াতাড়ি ফেরানোটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। আমার জন্য এটা বিশেষ কিছু।’