জামেয়া দারুল মাআরিফের প্রথম সমাবর্তন

দেশের ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার দুদিনব্যাপী প্রথম সমাবর্তন ও ৩৪তম বার্ষিক দীনি মাহফিল সম্পন্ন হয়েছে। গত ১৭ ও ১৮ ফেব্রুয়ারি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়া এ সম্মিলন দারুণ সাড়া জাগিয়েছে।

প্রথম দিনে এতে দেশ-বিদেশের বরেণ্য ওলামা-মাশায়েখ নানা বিষয়ে আলোচনা করেন। দ্বিতীয় দিন সমাবর্তনের মূল পর্ব অনুষ্ঠিত হয়।

ঐতিহ্যবাহী অ্যারাবিয়ান আবায়া ইউনিফর্ম এবং ইসলামি ও আধুনিক রীতির চমৎকার সমন্বয়ে গ্র্যাজুয়েটরা অংশ নেন। এতে পুরো ক্যাম্পাসে দৃষ্টিনন্দন পরিবেশ তৈরি হয়। প্রতিষ্ঠার পর থেকেই জামেয়া দারুল মাআরিফের সুনাম-সুখ্যাতি দেশ-দেশান্তরে ছড়িয়ে পড়ে। শিক্ষাক্রম, পাঠদান পদ্ধতি ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক তৎপরতার ক্ষেত্রে ‘উপকারী নতুন ও উপাদেয় পুরাতনের’ সুসমন্বয় হচ্ছে এর অন্যতম বৈশিষ্ট্য। ফলে একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান হয়েও স্বল্পসময়ে লাভ করেছে আশাতীত অগ্রগতি, যুগোপযোগী আন্তর্জাতিক সাফল্য। পাশাপাশি সচেতন জ্ঞানপিপাসু, বিদ্বান, অভিভাবক ও সুধীসমাজের মনোযোগ আকৃষ্ট করেছে।