র্যাব থেকে চাকরিচ্যুত লে. কর্নেল হাসিনুর রহমান নিখোঁজ হন ২০১৮ সালের ৮ আগস্ট। এতদিন অনেক চেষ্টা করেও তার খোঁজ মিলছিল না। নিখোঁজ হওয়ার ১৮ মাস পর শুক্রবার রাতে বাড়ি ফেরেন তিনি।
তার পরিবার জানায়, শুক্রবার রাত ১১ টার দিকে তিনি মিরপুরের বাসায় ফেরেন।
হাসিনুরের স্ত্রী শামীমা আক্তার এই তথ্যের সত্যতা স্বীকার করেছেন। হাসিনুর র্যাবের একটি ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।
এর আগে গত ২০১৮ সালের ৮ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে সাদা পোশাকে একদল লোক হাসিনুরকে তুলে নিয়ে যায়। তার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনও করা হয়েছিল।
জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছিল। তবে পরিবারের দাবি ছিল, হাসিনুর ষড়যন্ত্রের শিকার।
হাসিনুরের স্ত্রী শামীমা আক্তার বলেন, শুক্রবার রাত সাড়ে ১১টা থেকে ১২টার কোনো একটা সময়ে তার বাসার কলিংবেল বেজে ওঠে। দরজা খুলে দেখেন সামনে হাসিনুর।
হাসিনুর শারীরিকভাবে পুরোপুরি সুস্থ আছেন বলেও জানান তিনি। তবে এত দিন তিনি কোথায় ছিলেন সে সম্পর্কে কিছু বলেননি।