উপমহাদেশের তুমুল জনপ্রিয় সংগীত ব্যক্তিত্ব এ আর রহমানের মেয়ে খাতিজার বোরকা পরা নিয়ে সম্প্রতি মন্তব্য করেছিলেন তসলিমা নাসরিন। তসলিমা নাসরিনের মন্তব্যের পাল্টা জবাবও দেন খাতিজা। এরপর এ আর রহমানও তসলিমার মন্তব্যের কড়া জবাব দিলেন।
এনডিটিভির অনলাইনে এক প্রতিবেদন মারফত জানা যায়, তসলিমার মন্তব্যের কড়া জবাব দিতে গিয়ে এ আর রহমান বলেছেন, ‘নানা ভাষা, নানা মত, নানা পরিধান-এর দেশ ভারত। স্বাধীন দেশের নাগরিক হিসেবে সবাই স্বাধীন ভাবে খেতে-পরতে-চলতে পারেন। আমার মেয়েও তাই। তারপরেও গত এক বছর ধরে ওর বোরকা পরা নিয়ে বিতর্ক চলছে। ও কিন্তু নিজের ইচ্ছেয় এই পোশাক পরে।’
চলতি মাসেই খাতিজার আপাদমস্তক বোরকায় ঢাকা ছবি দেখে তসলিমা নাসরিন মন্তব্য করেন, খাতিজাকে এভাবে দেখলে তার দম আটকে আসে! সঙ্গে সঙ্গে টুইটে তাকে মুখের ওপর জবাব দেন শিল্পীর মেয়ে।
এখানেই শেষ নয়। এআর রহমান আরও বলেন, ‘আমাদের থেকেই উত্তরাধিকার সূত্রে ধর্ম-সংস্কৃতি-ঐতিহ্য পেয়েছে খাতিজা। এগুলো ওর রক্তে মেশা। ফলে, জোর করে নয়, স্ব-ইচ্ছায় খাতিজা বেছে নিয়েছে এই পোশাক। আমরা কেউ ওকে জোর করিনি। এটা বোধ হয় সবাই জানেন না, বোরকা শুধু ধর্মের বা জাতির প্রতীক নয়। দেশের সংস্কৃতিরও প্রতীক। যাকে আমার মেয়ে নিজের ইচ্ছেয় গায়ে তুলেছে। তারপরেও কেন এত বিরোধ এই নিয়ে!'
আগে এক সাক্ষাৎকারে এআর রহমান আরও বলেছিলেন, মেয়ের কাছে পরে জানতে চেয়েছি, আদৌ কি ইচ্ছের বিরুদ্ধে এই পোশাক পরছ? মেয়ের জবাব, আমি নিজের ইচ্ছেয় এই পোশাক গায়ে তুলেছি। কারওর জোরাজুরিতে নয়। আমি জানি আমি কী করছি, কী পরছি। তাই নিয়ে একটুও চিন্তিত নই। আমার মনে হয়, দেশের আরও অনেক সমস্যা রয়েছে। সেদিকে মাথা ঘামালে বেশি উপকার হবে দেশবাসীর, দেশের সবার। আমি জবাব দিয়েই দিয়েছি। তোমার কাউকে কিছু বলার থাকলে বলতে পার।’ তারপরেই সরব হন আল্লারাখা।