এক ঝলকে

‘ফ্রেন্ডস’ রিইউনিট

এনবিসি নেটওয়ার্কে দীর্ঘ এক দশক ধরে প্রচারিত হয়েছে জনপ্রিয় টিভি শো ‘ফ্রেন্ডস’। ১৯৯৪ সালের সেপ্টেম্বর থেকে ২০০৪ সালের মে পর্যন্ত প্রচারিত হয় এটি। এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টিভি শোগুলোর একটি। নেটফ্লিক্সেও রয়েছে এর পর্বগুলো, যা ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে সবচেয়ে জনপ্রিয় শোর তালিকায় শীর্ষস্থান দখল করেছে। গত অক্টোবরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালু করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েছেন জেনিফার অ্যানিস্টোন। এর কারণও ছিল ‘ফ্রেন্ডস’। কেননা অ্যাকাউন্টটি চালু করার পরই জেনিফার অ্যানিস্টোন তার সহশিল্পী লিসা কুড্রো, কার্টনি কক্স, ম্যাট লেব্লঙ্ক, ডেভিড শুইমার ও ম্যাথু পেরির সঙ্গে তোলা ছবি শেয়ার করেন। যার ফলে হলিউডের এই অভিনেত্রীর ফলোয়ার সংখ্যা প্রথম দিনই ১ কোটি ১৮ লাখ ছাড়িয়ে যায়।

চমকপ্রদ তথ্য হলো শিগগিরই হতে যাচ্ছে ‘ফ্রেন্ডস’ রিইউনিট। জনপ্রিয় এই শো শেষ হওয়ার ১৫ বছর পর আবারও একসঙ্গে হতে যাচ্ছেন অ্যানিস্টোন, লিসা কুড্রো, কার্টনি কক্স, ম্যাট লেব্লঙ্ক, ডেভিড শুইমার ও ম্যাথু পেরি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে এমনই আভাস দিয়েছেন ম্যাথু পেরি। এর ক্যাপশনে তিনি লিখেছেন “ইট’স হেপেনিং।” তবে যে স্পেশাল রিইউনিটের কথা হচ্ছে, সেটি আসলে কোনো নতুন এপিসোড নয়। ওয়ার্নার মিডিয়ার প্রপার্টির ব্যানারে চালু হতে যাচ্ছে ‘এইচবিও ম্যাক্স’ স্ট্রিমিং সার্ভিস। ২০১৯ সাল পর্যন্ত ফেন্ডস টিভি শোর প্রচারস্বত্ব ছিল নেটফ্লিক্সের কাছে। তবে এবার এইচবিও ম্যাক্স ৪২৫ মিলিয়ন ডলারের বিনিময়ে আগামী পাঁচ বছরের জন্য ফ্রেন্ডসের প্রচারস্বত্ব কিনে নিয়েছে। নতুন এই স্ট্রিমিং সার্ভিস চালু হবে আগামী মে মাস থেকে।

তসলিমাকে এ আর রহমানের জবাব

অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানের মেয়ে খাতিজার বোরকা পরা নিয়ে ভারতে নির্বাসিত বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের সমালোচনার জবাব দিলেন বাবা। এ আর রহমান বলেছেন, মেয়ে খাতিজা রহমান নিজের ইচ্ছাতেই বোরকা পরে। তাকে কেউ বাধ্য করেনি। তসলিমার নাম উল্লেখ না করে তিনি বলেন, আমাদের থেকেই উত্তরাধিকার সূত্রে ধর্ম-

সংস্কৃতি-ঐতিহ্য পেয়েছে খাতিজা। এগুলো ওর রক্তে মেশা। ফলে জোর করে নয়, স্বেচ্ছায় খাতিজা বেছে নিয়েছে এই পোশাক। আমরা কেউ ওকে জোর করিনি।’ তারপরও কেন এটি নিয়ে এত সমালোচনা।’ তিনি আরও বলেন, ‘নানা ভাষা, নানা মত, নানা পোশাকের  দেশ ভারত। স্বাধীন দেশের নাগরিক হিসেবে সবাই স্বাধীনভাবে  খেতে-পরতে-চলতে পারেন। আমার মেয়েও তাই। তারপরও গত এক বছর ধরে ওর বোরকা পরা নিয়ে বিতর্ক চলছে।’ গত ১১ ফেব্রুয়ারি তসলিমা নাসরিন টুইটারে লেখেন, ‘এ আর রহমানের গান পছন্দ করি। কিন্তু যখনই তার মেয়েকে দেখি, দম বন্ধ হয়ে আসে। শিক্ষিত পরিবারের মেয়ের চিন্তাধারাও কীভাবে মগজধোলাই করে বদলে ফেলা হয়, তা ভাবতেও অবাক লাগে!’