শেরপুরের শ্রীবরদী উপজেলার শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইয়াকুব আলী সবুজকে (৩৫) ৫২টি ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শালমারা বাজারে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় ইয়াবা বিক্রির সময় সবুজকে হাতেনাতে আটক করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ৫২টি ইয়াবা উদ্ধার করা হয়। সবুজ শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর নতুন মসজিদ বংশীবাড়ি এলাকার বাসিন্দা এবং শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বরত আছেন।
পুলিশ জানিয়েছে, আটক সবুজের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে গতকাল শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।