গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে সৃষ্ট আগুনে অর্ধশতাধিক তুলার গুদাম ভস্মীভূত হয়েছে। গতকাল শনিবার দুপুর সোয়া ১২টার দিকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের তুলার গুদামে ছড়িয়ে পড়ে।
টঙ্গী, উত্তরা ও পূর্বাচল ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সোয়া ১২টার দিকে তুসুকা ফ্যাশন কারখানার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগে। এর কিছুক্ষণ পরই তুলার গুদামপট্টির ভেতরের আরেকটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের জোন কমান্ডার (টঙ্গী-উত্তরা) মো. মানিকুজ্জামান জানান, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন যেন তুলার গুাদাম থেকে বস্তিতে ছড়িয়ে না পড়ে সে জন্য বিশেষভাবে তৎপর ছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্তের পর জানা যাবে বলে জানান তিনি।
কাশিমপুরে ৭ দোকান ছাই : এদিকে গাজীপুর সিটি করপোরেশনের জরুন এলাকায় আগুন লেগে বিভিন্ন ধরনের ৭টি দোকান পুড়ে গেছে। গতকাল দুপুর দেড়টার দিক এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের পরিদর্শক মিরাজুল ইসলাম জানান, জরুন এলাকায় মোহসিনের ভাঙাড়ি দোকানে প্রথমে আগুন লাগে। একপর্যায়ে পাশের তিনটি মুদি দোকান, একটি ঝুট গুদাম, একটি খাবার হোটেল ও যন্ত্রপাতির একটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।