মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটী ইউনিয়নের ভাঙ্গাবাড়ী গ্রামে চা পান করে ৯ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত শুক্রবার রাত ১২টার দিকে অসুস্থ ব্যক্তিদের সাটুরিয়া ও মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বালিয়াটী ইউনিয়নের চেয়ারম্যান মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সন্ধ্যায় ছিল ভাঙ্গাবাড়ী ঈদগাহ মাঠে ওয়াজ মাহফিল। একই গ্রামের মোন্নাফ আলী মাহফিলকে কেন্দ্র করে অস্থায়ী চায়ের দোকান দেন। মোন্নাফ মিয়ার চায়ের দোকানে শুক্রবার রাতে মোন্নাফসহ ৯ জন চা পান করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
সাটুরিয়া হাসপাতলের স্থাস্থ্য কর্মকর্তা ডা. মামুনুর রশিদ বলেন, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৮ জন ভর্তি আছে। তারা সবাই শঙ্কামুক্ত। বাকি একজনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
অসুস্থ সবাই সাটুরিয়া উপজেলার বালিয়াটী ইউনিয়ন ও পাশর্^বর্তী ধামরাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।