জুয়াড়িদের সঙ্গে যোগাযোগের কারণে শাস্তি আকমলের?

পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে বৃহস্পতিবার প্রকাশ পেয়েছিল খবরটি। আচমকা এক বিবৃতিতে জানানো হয়, পিএসএল-এ খেলতে পারবেন না উমর আকমল। টুর্নামেন্ট থেকে তাকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়। জানিয়ে দেওয়া হয় পিসিবির দুর্নীতি দমন বিভাগের তদন্ত শেষ না পর্যন্ত যে কোনো ধরনের ক্রিকেটীয় কর্মকান্ডে অংশগ্রহণ করতে পারবেন না তিনি। সেই সময় পিসিবির অ্যান্টি করাপশন কোডের ৪.৭.১ ধারায়  আকমলকে শাস্তি দেওয়ার কথা বলেছিল পিসিবি। তবে কেন শাস্তি দেওয়া হয়েছে সে সম্পর্কে কিছু বলেনি পিসিবি।

জানা গেছে, জুয়াড়িদের সঙ্গে সম্পর্ক রাখার কারণেই নিষিদ্ধ হয়েছেন আকমল। জিও নিউজের এক সংবাদে বলা হয়েছে, পিসিবির দুর্নীতিবিরোধী সংস্থার কাছে তিনি নিজের অপরাধও স্বীকার করেছেন। পিসিবি গোপনে তার ফোনে আড়ি পেতে জানতে পেরেছিল ঘটনা। জিও নিউজের এক অনুষ্ঠানে সিনিয়র ক্রীড়া সংবাদিক আবদুল মাজিদ ভাট্টি বলেন, ‘পিসিবির কাছে আকমল ও জুয়াড়িদের সব ফোনালাপের রেকর্ড আছে। বোর্ডের দুর্নীতিবিরোধী সংস্থা চার দিন ধরে আকমলের কাছে আসা সব সন্দেহজনক ফোন নজরে রেখে বিষয়টা জানতে পারে। এরপর পিসিবির চেয়ারম্যানের কাছে বুধবার সব কিছু খুলে বলেছেন। সেখানে এহসান মানি  (পিসিবি চেয়ারম্যান) ছাড়াও ওয়াসিম খান (পিসিবির প্রধান নির্বাহী) আকমলের পিএসএল ফ্র্যাঞ্চাইজি কোয়েটা গ্ল্যাডিয়েটরসের কোচ মঈন খান উপস্থিত ছিলেন।’ ইন্টারনেট।