ভারতে দুটি স্বর্ণখনির সন্ধান

ভারতের অর্থনৈতিক নিত্নগতির মধ্যে আশার আলো দেখাতে দেশটির উত্তরপ্রদেশে দুটি স্বর্ণখনির সন্ধান পাওয়া গেছে। উত্তরপ্রদেশের দ্বিতীয় বৃহত্তম জেলা সোনভদ্রের দুটি স্বর্ণখনিতে প্রায় তিন হাজার টন স্বর্ণ মজুদ রয়েছে বলে ভূ-তাত্ত্বিকদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে আনন্দবাজার।

ভারতে বর্তমানে সংরক্ষিত মোট সোনার পরিমাণের চেয়ে খনি দুটির স্বর্ণের পরিমাণ প্রায় পাঁচ গুণ বেশি। যার বাজারমূল্য প্রায় ১২ লাখ কোটি রুপি। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের হিসাব অনুযায়ী, এই মুহূর্তে

ভারতে ৬২৬ টন সোনা সংরক্ষিত রয়েছে। সোনভদ্রের দুটি খনি খুব জলদিই টেন্ডারের মাধ্যমে নিলামে তোলা হবে।

দীর্ঘদিন ধরে খোঁড়াখুঁড়ি চালিয়ে ভারতীয় জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া সম্প্রতি ওই স্বর্ণখনির সন্ধান পায়। সোনপাহাড়ি ও হরদি ব্লক এলাকায় দুটি স্বর্ণখনির হদিস মিলেছে বলে জানা গেছে। সোনপাহাড়ির খনিতে ২,৯৪৩.২৬ টন সোনা রয়েছে বলে ধারণা গবেষকদের। হরদি ব্লক এলাকার খনিটিতে রয়েছে প্রায় ৬৪৬.১৬ কেজি সোনা।

ইংরেজ শাসকদের হাত ধরেই সোনভদ্রে প্রথম সোনার খোঁজ শুরু হয়। ১৯৯২-৯৩ নাগাদ ভারত সরকার সেখানে খোঁড়াখুঁড়ি শুরু করে। তার পর গত দু’দশকেরও বেশি সময় ধরে সোনার সন্ধান অব্যাহত ছিল সেখানে। ওই সন্ধানের ধারাবাহিকতায় জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া ওই খনি দুটির সন্ধান পায়।