শীত বিদায় নিয়ে আজ বসন্তের দশ দিন। এর মধ্যেই বৃষ্টির আনাগোনা শুরু হয়েছে। গতকাল দেশের উত্তরাঞ্চলের দু-একটি জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজও দেশের কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল থেকে তিন দিন দেশের অধিকাংশ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা বেশি। অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক গত রাতে
দেশ রূপান্তরকে বলেন, ‘আগামী ২৪-২৬ তারিখ দেশের সব বিভাগেরই কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার (আজ) আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। তবে সিলেট, রংপুর ও ময়মনসিংহের কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’
গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় শুধু রংপুর ও দিনাজপুরে ১ মিলিমিটার করে এবং সৈয়দপুরে সামান্য পরিমাণ বৃষ্টি হয়েছে। এছাড়া দেশের কোথাও বৃষ্টির খবর পাওয়া যায়নি। আমাদের দিনাজপুর প্রতিনিধি জানান, গতকাল সকাল ১১টার পর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে শহরের ব্যস্ততম রাস্তাগুলো যানজটমুক্ত দেখা গেছে। হঠাৎ বৃষ্টির কারণে রাস্তাঘাটে মানুষের আনাগোনাও ছিল কম। কিছু এলাকায় বৃষ্টি না হলেও আকাশ ছিল মেঘাচ্ছন্ন। দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, ‘জেলার বেশ কিছু জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। দিনের তাপমাত্রা কিছুটা কমে ২৩ দশমিক ৪ ডিগ্রিতে এসেছে। রবিবার (আজ) বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে। বৃষ্টিপ্রবণতা আরও তিনদিন স্থায়ী হতে পারে।’
বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার জন্য গতকাল রংপুর বিভাগের সব জেলাতেই দিনের তাপমাত্রা কমেছে সর্বোচ্চ ৩-৪ ডিগ্রি। তবে রাতের তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি। এদিন রংপুর ছাড়া দেশের বাকি অংশে দিনের তাপমাত্রা সামান্য বেড়েছে এবং রাতের তাপমাত্রা ছিল অপরিবর্তিত। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের সর্বনি¤œ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের আজকের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং অন্যত্র তা সামান্য বাড়তে পারে। দিনের তাপমাত্রা উত্তর-পশ্চিমাঞ্চলে সামান্য বাড়তে পারে এবং অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে।