দেশত্যাগের সময় শাহজালালে ৪ অর্থ পাচারকারী গ্রেপ্তার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গোপনে দেশত্যাগের সময় চার অর্থ পাচারকারী ও জাল টাকা সরবরাহকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শনিবার বেলা ১১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফী উল্লাহ বুলবুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা অনুসন্ধানের ভিত্তিতে শনিবার সাড়ে ১১

 টার দিকে একটি আভিযানিক দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশত্যাগের সময় শামিমা নূর পাপিয়া ওরফে পিউ (২৮), মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমন (৩৮), সাবিক্ষর খন্দকার (২৯) ও শেখ তায়্যিবাকে (২২) গ্রেপ্তার করে। এ সময় তাদের থেকে সাতটি পাসপোর্ট, দুই লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ জাল টাকা, ৩১০ ভারতীয় রুপি ও ১১ হাজার ৯১ ইউএস ডলার উদ্ধার করা হয়।

এতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অবৈধভাবে অর্থ পাচার ও জাল টাকা প্রস্তুতকারী এই গ্রুপের প্রধান শামিমা এবং সহযোগী তার স্বামী মফিজুর রহমান। আর সাবিক্ষর ও তায়্যিবা তার পিএস। তারা দীর্ঘদিন ধরে নরসিংদী ও রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে অবৈধ অস্ত্র, মাদক ও নারীসংক্রান্ত অনৈতিক ব্যবসার করে আসছে। নরসিংদীর বিভিন্ন এলাকায় স্থানীয় সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে তারা চাঁদাবাজির করে আসছে।