ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবের হোমপেজের ‘লোভনীয়’ বিজ্ঞাপনী স্থান কিনে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নভেম্বরের নির্বাচনে ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্যে লড়বেন।
ব্লুমবার্গ জানিয়েছে, ইউটিউবের হোমপেজে ওই সময় ট্রাম্প ছাড়া আর কারো বিজ্ঞাপন থাকবে না। ঠিক কতদিন ইউটিউবের সঙ্গে তার চুক্তি হয়েছে সেটি জানা যায়নি। তবে মানুষ যেদিন ভোট দিতে যাবেন, সেই ৩ নভেম্বর পর্যন্ত বিজ্ঞাপনটি থাকবে।
পৃথিবীর অধিকাংশ রাজনীতিবিদই এখন ডিজিটাল প্রচার করে থাকেন। বারাক ওবামা থেকে শুরু করে হিলারিকে পর্যন্ত এই ধরনের বিজ্ঞাপন দিতে দেখা গেছে। তবে এই খাতে খরচের ব্যাপারে ট্রাম্প সবার থেকে অনেক এগিয়ে।
ইউটিউবের হোমপেজের উপরের দিকের স্পট টিভি বিজ্ঞাপনের মতো খরুচে ব্যাপার। বিজ্ঞাপনদাতাকে একদিনে গুনতে হয় ১ মিলিয়ন ডলারের বেশি।
ট্রাম্পের সঙ্গে চুক্তির বিষয়ে ইউটিউব ব্লুমবার্গকে বিস্তারিত কিছু জানাতে চায়নি। শুধু বলেছে, নিজস্ব নীতিমালার সঙ্গে খাপ খেলে যে কেউ এখানে বিজ্ঞাপন দিতে পারে।