জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা অনুমিতভাবেই ফিরেছেন। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন নাঈম শেখ ও আফিফ হোসেন ধ্রুব।
নাঈম ও আফিফ দুজনেরই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে টি-টোয়েন্টি দিয়ে। নাঈম এরই মধ্যে ৫টি ও আফিফ ১০টি টি-টোয়েন্টি খেলেছেন।
বিশ্বকাপের পর বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে। সেই সিরিজের দলে ৭টি পরিবর্তন আনা হয়েছে।
চোটের কারণে সেই সিরিজে ছিলেন না অধিনায়ক মাশরাফী। তার সঙ্গে চোট কাটিয়ে ফিরেছেন সাইফ উদ্দিনও। এ ছাড়া ফের ওয়ানডে দলে ফিরেছেন- লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ও আল-আমিন হোসেন।
সবশেষ সিরিজ থেকে বাদ পড়েছেন ৭ ক্রিকেটার। তাদের মধ্যে অবশ্য সৌম্য সরকার ব্যক্তিগত কারণে নেই। মোসাদ্দেক হোসেন চোটে। এনামুল হক বিজয়, রুবেল হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা বাদ পড়েছেন।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু দল নিয়ে বলেছেন, ‘মাশরাফী ফিরেছে এটা আমাদের জন্য বড় পাওয়া। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব আমাদের ওয়ানডে ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাইফ উদ্দিনের ফেরাটাও বড় ভূমিকা রাখবে।’
দলে ৭ পরিবর্তন নিয়ে বলেছেন, ‘সবশেষ ওয়ানডে সিরিজে আমাদের নির্দিষ্ট কিছু বিষয় সমন্বয় করতে হয়েছিল। বিভিন্ন কারণে আমরা বেশ কিছু খেলোয়াড়কে সেবার পাইনি। আমি খুশি যে এবার দল নির্বাচনের জন্য আমরা পুরো একটি ফিট পুল পেয়েছি।’
শান্ত, নাঈম ও আফিফকে নিয়ে প্রধান নির্বাচকের ব্যাখ্যা, ‘আন্তর্জাতিক ক্রিকেট ও ঘরোয়া ক্রিকেটে শান্তর সাম্প্রতিক ফর্ম তাকে দলে ফিরিয়েছে। আর নাঈম ও আফিফ সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটের জন্য আমাদের দীর্ঘ পরিকল্পনায় রয়েছে।’
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে সিলেটে। ১, ৩ ও ৬ মার্চ তিনটি ম্যাচই হবে দিবারাত্রির।
১৫ সদস্যের স্কোয়াড:
মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ, আল আমিন হোসেন, সাইফ উদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।