নারায়ণগঞ্জ নগরের দেওভোগ পালপাড়া মোড়ে রাজউকের নিয়ম না মেনে নির্মাণ করা ভবনের একাংশ গুঁড়িয়ে দিয়েছে রাজউক। গতকাল রবিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভবনের নকশাবহির্ভূত অংশ গুঁড়িয়ে দেয়।
রাজউক জোন-৮ নারায়ণগঞ্জের অথরাইজড অফিসার শেখ তৌফিকুর রহমান দেশ রূপান্তরকে জানান, পালপাড়া মোড়ে প্রয়াত আমিনুল ইসলামের ছেলে শফিকুল রাজউকের নকশাবহির্ভূত ভবন নির্মাণ করেন। তাই ভবনের নকশাবহির্ভূত অংশ ভেঙে দেওয়া হয়। ভবনের নিচতলায় পার্কিংয়ের জায়গা রাখার কথা ছিল। কিন্তু তারা তা না করে নিচতলায় দোকানপাট করেছে।
এক প্রশ্নের জবাবে শেখ তৌফিকুর রহমান বলেন, ‘নকশাবহির্ভূত এরকম আরও ভবন রয়েছে। আমরা ইতিমধ্যে নকশাবহির্ভূত কয়েকটি ভবন চিহ্নিত করে ভবন মালিকদের নোটিস দিয়েছি। পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।’
অভিযান চলাকালে ভবন মালিককে ৭ লাখ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া ওই ভবনের পাশে ইন্দ্রজিৎ নামে এক ব্যক্তির নির্মণাধীন গুদামের অনুমোদন না থাকায় তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।