সমাবেশে সিপিবি সভাপতি

বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে লুটের রাজত্ব কায়েম হয়েছে

দেশের আইন-কানুন, সুযোগ-সুবিধা সবকিছুই গরিবের বিরুদ্ধে উল্লেখ করে এই ব্যবস্থা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেছেন, ক্ষমতাসীনরা এখন একত্রিত হয়েছে লুটপাটে। বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে লুটপাটের রাজত্ব কায়েম করেছে তারা। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির সঙ্গে হাত মিলিয়ে দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে।

মুজাহিদুল ইসলাম সেলিম গতকাল রবিবার বিকেলে সিলেটে সিপিবির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নগরীর কিনব্রিজ মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির সিলেট বিভাগীয় সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন সুমন।

সমাবেশে মুজাহিদুল ইসলাম সেলিম আরও বলেন, আমরা বাংলাদেশকে স্বৈরাচারের হাত থেকে রক্ষার আন্দোলনে অবতীর্ণ হচ্ছি। তাই কর্মসূচি নিয়ে জনগণের সামনে এসেছি। আজকের দেশ কি ১৭ কোটি মানুষের জন্য মুক্ত? না, সবার জন্য মুক্ত হয়নি। দেশকে সবার জন্য মুক্ত করতে হবে।’