টেস্টে মুশফিকুর রহিমের সবশেষ তিন অঙ্ক স্পর্শ করা ইনিংসটি ছিল জিম্বাবুয়ের বিপক্ষেই। এক বছরের বেশি সময় পর সেই মিরপুরেই চেনা প্রতিপক্ষটির বিপক্ষে ফের সেঞ্চুরি হাঁকালেন বাংলাদেশ দলের এই অভিজ্ঞ ব্যাটসম্যান!
২০১৮ সালের নভেম্বরে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষেই টেস্টে সবশেষ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মুশফিক। প্রথম ইনিংসে ২১৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। মুশফিকের সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে সেঞ্চুরি হাঁকানো ইনিংস খেলেছিলেন মুমিনুল হকও।
একই ভেন্যুতে এক বছরের বেশি সময় পর প্রতিপক্ষটিকে পেয়ে জ্বলে উঠলেন মুশফিক। সেঞ্চুরি হাঁকিয়ে দাপুটে ব্যাটিংয়ে আবারও ডাবল সেঞ্চুরির স্বপ্ন বুনছেন তিনি। কাকতালীয় ব্যাপার হলো, এবারও চতুর্থ উইকেট জুটিতে সেঞ্চুরি হাঁকালেন মুশফিকের সঙ্গী মুমিনুল। তাদের অসাধারণ জুটিতে এবারও বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে দল।