জমি নিয়ে বিরোধের জেরে পাবনায় নুহু খান (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
রোববার রাতে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের উত্তর রাঘবপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নুহু আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের রাঘবপুর গ্রামের মো. সুজন খানের ছেলে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, রবিবার সন্ধ্যায় নুহুকে ছুরিকাঘাতে আহত করে সদর উপজেলার উত্তর রাঘবপুর গ্রামে রাস্তার পাশে ফেলে রেখে যায় প্রতিপক্ষের লোকজন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় নুহু খান। সোমবার সকালে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
জানা গেছে, জমি নিয়ে চাচা আকুব্বর খানের সঙ্গে তার ভাতিজাদের বিরোধ চলছিল। এরই জেরে দুই সপ্তাহ আগে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভাতিজা নজরুল ইসলাম ও তার ছেলে আহত হয়। পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তাদের দেখতে নুহু খান রবিবার বিকেলে বাড়ি থেকে বের হয়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেই বিরোধের জেরে নুহুকে হত্যা করা হতে পারে।