বর্জ্য থেকে হবে জৈব সার

জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি জিসিসি’র

গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) ও জাপানের আকুজিকিন কোম্পানির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। গতকাল সোমবার জিসিসি মেয়র মো. জাহাঙ্গীর আলম এবং আকুজিকিন কোম্পানির প্রেসিডেন্ট ওশিহিরো ইয়ামাডা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী জাপানি প্রতিষ্ঠানটি গাজীপুর সিটি করপোরেশনকে একটি অরগানিক ফোরটি মিনিটস ডেমোনেস্ট্রেশন মেশিন অনুদান হিসেবে দেবে। এই যন্ত্রে বর্জ্য থেকে ৪০ মিনিটে ৬০ মেট্রিক টন জৈব সার উৎপাদন সম্ভব হবে। প্রথম যন্ত্রটি অনুদান হিসেবে দেওয়া হলেও পরবর্তী সময়ে জাপান সরকারের অর্থায়ন প্রতিষ্ঠান ওডি-এর স্বল্প সুদে ঋণ নিয়ে আরও যন্ত্র কেনা হবে।

জিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কে এম জহুরুল ইসলাম এবং করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজী মনিরুজ্জামান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।