রাষ্ট্রক্ষমতার শীর্ষে পৌঁছানো জাতীয় পার্টির জন্য এখন সময়ের ব্যাপার বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেছেন, গণমানুষের আস্থা অর্জন করতে কাজ করছে জাতীয় পার্টি। আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গতকাল সোমবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে নিজের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাপা চেয়ারম্যান বলেন, বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল ব্যক্তিকেন্দ্রিক। শীর্ষ নেতার অবর্তমানে রাজনৈতিক দলগুলো ঘাত-প্রতিঘাতে বিলীন হয়ে যায়। কিন্তু পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের চলে যাওয়ার পরে জাতীয় পার্টি ঘুরে দাঁড়িয়েছে। সবার প্রচেষ্টায় জাতীয় পার্টি এখন ঐক্যবদ্ধ এবং শক্তিশালী।
তিনি আরও বলেন, নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করলে অর্থ-বিত্তে মূল্যায়ন আশা করা ঠিক নয়। মানুষের অকৃত্রিম ভালোবাসাই রাজনীতিবিদদের কাম্য হওয়া উচিত। আমি মানুষের ভালোবাসা পেয়েছি, জীবনের শেষ দিন পর্যন্ত এই ভালোবাসার মূল্য দিতে চাই। দেশের মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করার ঘোষণা দেন তিনি।
এর আগে জি এম কাদের পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটেন। এ সময় স্ত্রী শেরিফা কাদের, কো-চেয়ারম্যান জিয়া উদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম, পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, সোলায়মান আলম শেঠ, রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটনসহ শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।