বগুড়ার নন্দীগ্রামে বহিষ্কৃত যুবলীগ নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত ও তার সহযোগীদের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) কনস্টেবল আবদুল মতিনকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। গত রবিবার রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকার এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গা ঢাকা দিয়েছেন দুলাল চন্দ্র।
গ্রেপ্তাররা হলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন সুমন (৩৯) ও সদস্য প্রশান্ত কুমার (৩২)। ওই রাতেই ভুক্তভোগী মতিন দুলালসহ ছয়জনের নামে মামলা করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ কনস্টেবল আবদুল মতিন নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের বহিষ্কৃত সভাপতি দুলাল চন্দ্র মহন্ত তার সহযোগীদের নিয়ে সেখানে যান। তিনি তখন মদ্যপ ছিলেন। ওই অবস্থায় তিনি ও তার সহযোগীরা মতিনকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। নন্দীগ্রাম থানার ওসি মোহাম্মদ শওকত কবির জানান, দুলাল মহন্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।