মুজিববর্ষে খেলবেন গেইল-দু প্লেসি, কোহলির জন্য অপেক্ষা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকায় হতে যাওয়া বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের মধ্যকার ম্যাচে খেলতে দেখা যাবে ক্রিস গেইল, ফ্যাফ দু প্লেসি, লাসিথ মালিঙ্গা, রশিদ খানদের। ভারত অধিনায়ক বিরাট কোহলিরও খেলার সম্ভাবনা রয়েছে।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ১৮ থেকে ২৩ মার্চের মধ্যে এই ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। কারা খেলবেন, সেই প্রক্রিয়া অনেকটাই গুছিয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

কদিন আগে ভারতীয় মিডিয়ায় খবর প্রকাশ হয়েছিল এশিয়া একাদশে খেলার জন্য কোহলি সহ ৪ ক্রিকেটারের নাম বিসিবির কাছে পাঠিয়েছে বিসিসিআই। পরে অবশ্য কোহলির ব্যাপারটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।

এদিন নাজমুল হাসান পাপন বললেন, ‘ভারত থেকে ৪টা নাম আমরা এরই মাঝে পেয়ে গিয়েছি। রিশভ পন্ত, কুলদীপ যাদব, শিখর ধাওয়ান এবং মোহাম্মদ শামি। একটা ম্যাচে লোকেশ রাহুলও খেলবে বলছে। একটা ম্যাচ কোহলি, একটা ম্যাচ লোকেশ রাহুল- এ ধরনের কথাবার্তা হচ্ছে। এখন পর্যন্ত এটা চূড়ান্ত হয়নি।’

এশিয়া একাদশে খেলার জন্য রশিদ খান, লাসিথ মালিঙ্গা, থিসারা পেরেরার সঙ্গেও কথা বার্তা চূড়ান্ত করেছে বিসিবি। নাজমুল হাসান জানান, ‘আমরা চিন্তা করছি আফগানিস্তান থেকে রশিদ খান এবং মুজিব উর রহমান...। তাদেরকে মোটামুটি চূড়ান্ত করেছে। কিন্তু চুক্তি সই করিনি, করব। গতকাল রাতে এটা শেষ করেছি। নেপাল থেকে সন্দিপ লামিচানকে বলা হচ্ছে। শ্রীলঙ্কা থেকে লাসিথ মালিঙ্গা ও থিসারা পেরেরার সঙ্গে কথাবার্তা ফাইনাল হয়েছে।’

বাংলাদেশ থেকে পাঁচ ক্রিকেটার এশিয়া একাদশে থাকবেন। তারা হলেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান এবং লিটন দাস।

তবে বিসিবি সভাপতি বলেছেন সবাই দুই ম্যাচেই খেলার সুযোগ পাবেন তা নয়, ‘বাংলাদেশ থেকে যদি এক ম্যাচে বেশি খেলোয়াড় খেলাতে নাও পারি, তাহলে পরের ম্যাচে ঘুরিয়ে-ফিরিয়ে খেলাব। তামিম, মুশফিক নিশ্চিত। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এ ছাড়াও দুই জন আছে। একজন হলো রিয়াদ, আরেকজন মোস্তাফিজ। আরেকজন খেলোয়াড়ের থাকা নিয়েও আমাদের মধ্যে কথা হয়েছে- লিটন কুমার দাস।’

১২ সদস্যের বিশ্ব একাদশে ক্রিস গেইল, ফ্যাফ দু প্লেসি, কিয়েরন পোলার্ড, অ্যালেক্স হেলসের দেখা যাবে।

সম্ভাব্য এশিয়া একাদশ:

লোকেশ রাহুল, বিরাট কোহলি, শিখর ধাওয়ান, রিশভ পন্ত, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গা, রশিদ খান, মুজিব-উর-রহমান, সন্দিপ লামিচানে, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান ও লিটন কুমার দাস।

সম্ভাব্য বিশ্ব একাদশ:

কিয়েরন পোলার্ড, নিকোলাস পুরান, শেলডন কটরেল, ক্রিস গেইল, ব্রেন্ডন টেইলর, জনি বেয়ারস্টো, আদিল রশিদ, আলেক্স হেলস, ফ্যাফ দু প্লেসি, লুঙ্গি এনগিডি, অ্যান্ড্রু টাই, মিচেল ম্যাকলেনাগান।