আভাসের নতুন গান ‘বাস্তব’
‘শিরোনামহীন’ থেকে বের হয়ে ‘আভাস’ গড়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী তানজীর তুহিন। ইতিমধ্যে ব্যান্ডটি দুই বছর পেরিয়েছে। আভাস ব্যান্ডের প্রথম গান ‘মানুষ-১’ আসে ২০১৮ সালের আগস্ট মাসে। গত বছর জানুয়ারি মাসে প্রকাশিত হয় ব্যান্ডটির নামেই ‘আভাস’ শিরোনামের গান। ইউটিউবে ৪৩ লাখেরও বেশি বার দেখা হয়েছে এটি। কনসার্টে নিয়মিত পারফর্ম করছে দলটি। এবার তৃতীয় গান নিয়ে হাজির ব্যান্ডটি। ‘বাস্তব’ শিরোনামের গানটির চমৎকার মিউজিক ভিডিওটি প্রকাশ হয়েছে তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে (ধাধংয)। ‘বাস্তব’ গানটির কথা ও সুর করেছেন তুহিন। মিউজিক এবং কম্পোজিশন করেছে ‘আভাস’ ব্যান্ড। মিউজিক ভিডিওর চিত্রনাট্য ও পরিচালনা করেছে গুপী বাঘা প্রোডাকশনস। গত ২৩ ফেব্রুয়ারি এ উপলক্ষে প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রিন্স মাজমুদ, তানভীর আলম সজীবসহ ব্যান্ডের সদস্যরা। গানটির অডিও সংস্করণ জিপি মিউজিক, বাংলালিংক ভাইবসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্ম অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক, গুগল প্লে, আই টিউন স্টোর, গানা, সাভান,স্পটিফাই ও ডিজারে পাওয়া যাচ্ছে। ‘আভাস’ ব্যান্ডের বর্তমান লাইনআপ হলো : ভোকাল-তুহীন, লিড-সুমন, বেস-রাজু, ড্রামস-রিঙ্কু, কি-বোর্ড-শাওন।
১৫ এপ্রিল রিচা-আলীর বিয়ে
আগামী ১৫ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তারকা-জুটি রিচা চাড্ডা ও আলী ফজল। জানা গেছে, দুই পরিবারের সম্মতিতে সিদ্ধান্ত নিয়েছেন তারা। রিচার একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, ‘দুই পরিবার আলোচনা করে আগামী ১৫ এপ্রিল রিচা-আলীর বিয়ের তারিখ নির্ধারণ করেছে। দিল্লিতে হবে এই তারকা-জুটির বিয়ের সব আনুষ্ঠানিকতা। যেখানে শুধু উপস্থিত থাকবেন দুই পরিবারের সদস্যরা।’ ওই সূত্র আরও জানায়, পারিবারিকভাবে বিয়ের পর দিল্লি, লাক্ষেèৗ ও মুম্বাইয়ে তিনটি বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। রিচার সঙ্গে ২০১৩ সালে পরিচয় হয় আলীর। সেখান থেকে বন্ধুত্ব ও প্রেম। তবে ২০১৭ সালে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লালগালিচায় নিজেদের সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন এই জুটি। ‘ফুকরে’ (২০১৩) এবং ‘ফুকরে রিটার্নস’ (২০১৭) সিনেমায় একসঙ্গে কাজ করেছেন দুজনে।
ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হার্ভে
হলিউডের প্রখ্যাত প্রযোজক হার্ভে উইনস্টেইন যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। সাবেক এই হলিউড মোগলের বিরুদ্ধে প্রযোজনা সহকারী মিমি হ্যালেইকে যৌন নির্যাতন এবং অভিনেত্রী জেসিকা মানকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জুরি বোর্ড তাকে দোষী সাব্যস্ত করেছে। গত সোমবার এ বিষয়ে ঘোষণা দিয়েছে আদালত। নিউ ইয়র্কের জুরি বোর্ড বলেছে, যৌন নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন হার্ভে উইনস্টেইন। এর ফলে ‘মি টু’ আন্দোলনের জন্য এটি একটি বিজয় হিসেবে দেখা হচ্ছে। বিশ্বজুড়ে ‘মি টু’ আন্দোলনের ঘটনায় এই প্রথম কোনো ক্ষমতাশালী ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হলো। জানা গেছে, ৬৭ বছর বয়সী হার্ভের বিরুদ্ধে সাবেক প্রযোজনা সহকারী মিমি হ্যালেইকে যৌন নির্যাতন এবং অভিনেত্রী জেসিকা মানকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে। আগামী ১১ মার্চ তার সাজা শোনানো হবে। হার্ভের সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড হতে পারে। হলিউড অভিনেত্রী সালমা হায়েক, উমা থারমানসহ ৮০ জন নারী হার্ভে উইনস্টেইনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন। এরপর থেকে তার বিরুদ্ধে অভিযোগের বিচার শুরু হয় নিউ ইয়র্ক আদালতে।
কলকাতা মাতালেন মৌ-বিপ্লব
জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ এবং ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা সম্প্রতি কলকাতা মাতিয়েছেন। বিপ্লব সাহার ‘বিশ^রঙ’-এর দেশীয় ডিজাইনের বর্ণিল ও ভিন্নধর্মী পোশাকে মুগ্ধ হয়েছে কলকাতা। আর সেই ফ্যাশন শোর ‘শো স্টপার’ হিসেবে মঞ্চে গ্ল্যামার ছড়ান মৌ। তিনি সেদিন পরেছিলেন বিপ্লব সাহার ডিজাইন করা কালো রঙের লম্বা পোশাক। তাতে ছিল বাহারি সুতার দেশীয় কারুকাজ। গত ২১ ফেব্রুয়ারি কলকাতা ফেয়ার ফিল্ডে অনুষ্ঠিত ‘ফ্যাশন রানওয়ে কলকাতা ২০২০’ শিরোনামের এই অনুষ্ঠান যৌথ উদ্যোগে আয়োজন করে প্রফেক্সাইট অ্যাসোসিয়েশন, ক্যাড সেন্টার ও ড্রিম স্কুল। উদ্যোক্তা এক্সপো-২০২০-এর অংশ হিসেবে ফ্যাশনের ওপর একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। নতুন উদ্যোক্তাদের আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনারদের কাজের সঙ্গে সরাসরি পরিচয়ের লক্ষ্যে ফ্যাশন রানওয়ে কলকাতা-২০২০-এ বাংলাদেশের স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহাকে আমন্ত্রণ জানান। বিপ্লব সাহা তার ডিজাইন করা পোশাক দিয়ে এই ফ্যাশন শো করেন।