রাজধানীর শনিরআখড়ায় ছুরিকাঘাতে ইমন (১৮) নামে এক গার্মেন্টসকর্মীকে হত্যা করেছে বখাটেরা। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বেলা ৩টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। এ তথ্য জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদশর্ক মো. বাচ্চু মিয়া। তিনি জানান, ইমনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পূর্বশত্রুতার জেরে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্বজনরা জানায়, ইমনের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নয়াবাড়ি গ্রামে। বাবার নাম আবু বক্কর। নিহত ইমন পরিবারের সঙ্গে শনিরআখড়ার গোবিন্দপুর এলাকায় থাকতেন। তিনি স্থানীয় গ্রামীণ গার্মেন্টস নামে একটি পোশাক তৈরি কারখানায় অপারেটর হিসেবে চাকরি করতেন।
ইমনের বাবা আবু বক্কর জানান, তিনিও একই গার্মেন্টসে চাকরি করেন। ইমন অফিস থেকে দুপুরের খাবার খাওয়ার জন্য বাসায় যাচ্ছিলেন। গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয় দুই যুবক হুমায়ুন ও রাজুসহ ৬-৭ জন ইমনকে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায়। ইমনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি আরও বলেন, গত ২৩ ফেব্রুয়ারি রাতে রাজুসহ কয়েকজন রাস্তায় সাইকেল দিয়ে ইমনকে ধাক্কা দেয়। প্রতিবাদ করলে তাদের সঙ্গে ইমনের ঝগড়া ও হাতাহাতিও হয়েছিল।
ঘটনার প্রত্যক্ষদর্শী জিহাদুল ইসলাম জানায়, রাজু, অনিক, নয়ন, রুবেলসহ আরও কয়েকজন গতকাল ইমনের ওপর হামলা করে। যাত্রাবাড়ী থানার এএসআই মো. ফেরদৌস রহমান জানান, এ ঘটনায় নয়ন (১৬) নামে এক তরুণও ছুরিকাঘাতে আহত হয়েছে।