ইংল্যান্ডে হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ

আগামী মে মাসে বাংলাদেশের সঙ্গে চার ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে আয়ারল্যান্ড। নিজেদের ভেন্যু স্বল্পতার কারণে সিরিজটি ইংল্যান্ডে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড।

আইরিশ সংবাদপত্র বেলফাস্ট টেলিগ্রাফ জানিয়েছে, ম্যাচগুলোর ভেন্যু এখনও নিশ্চিত করা না হলেও দিন তারিখ ঠিক করা হয়েছে। সিরিজের প্রথম ম্যাচ হবে ২২ মে শুক্রবার। বাকি তিন ম্যাচ হবে যথাক্রমে ২৪, ২৭ ও ২৯ মে।

এ ব্যাপারে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ক্রিকেট আয়ারল্যান্ড। তবে এ বছর হোম ম্যাচ সম্প্রচারের নিলামের জন্য ম্যাচসূচির যে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে তাতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচগুলো রয়েছে।

টি-টোয়েন্টি সিরিজের আগে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে আয়ারল্যান্ড। বেলফাস্টের স্টরমন্টে ১৪, ১৬ ও ১৯ মে হবে ম্যাচ তিনটি।

টি-টোয়েন্টি সিরিজটিও আয়ারল্যান্ডের মাঠেই হওয়ার কথা ছিল। কিন্তু এই সময়ে তাদের মাঠে চলবে সংস্কার কাজ। ফলে সিরিজটি ইংল্যান্ডে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

এ ব্যাপারে আলোচনা করতে চলতি মাসেই ইংল্যান্ড সফর করে এসেছেন ক্রিকেট আয়ারল্যান্ডের পারফরম্যান্স ডিরেক্টর রিচার্ড হোল্ডসঅর্থ। জানা গেছে,  বাংলাদেশ-আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজটি হবে ইংল্যান্ডের দুটি মাঠে। শীঘ্রই ভেন্যু দুটি ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, বাংলাদেশ দলের আয়ারল্যান্ড সফরে একটি টেস্ট খেলার কথা ছিল। কিন্তু আর্থিক সমস্যার কারণে সেটি বাতিল করে দেয় স্বাগতিকরা। টেস্টের পরিবর্তে বাংলাদেশের সঙ্গে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাব দেয় ক্রিকেট আয়ারল্যান্ড।