মামুনুর রশীদের জন্মদিনে ছয় দিনব্যাপী উৎসব

নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের জন্মদিন ২৯ ফেব্রুয়ারি। লিপ-ইয়ারের হিসাবে স্বভাবতই চার বছর পর পর সুযোগ হয় জন্মদিন উদ্‌যাপনের। এ বছরের ২৯ ফেব্রুয়ারি ৭২ বছরে পা রাখবেন তিনি। তাকে ঘিরে বৃহস্পতিবার থেকে আরণ্যক নাট্যদলের আয়োজনে শুরু হচ্ছে ছয় দিনব্যাপী ‘দ্রোহ দাহ স্বপ্নের নাট্য আয়োজন’। এতে মামুনুর রশীদ রচিত পাঁচটি নাটকের মঞ্চায়ন হবে। পাশাপাশি সংগীত, নৃত্য, সেমিনার, প্রদর্শনী, গ্রন্থের মোড়ক উন্মোচন, সংবর্ধনা ও থিয়েটার আড্ডা। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি থাকবেন অধ্যাপক হায়াৎ মামুদ এবং ভারতের থিয়েটার ও চলচ্চিত্র সমালোচক শমীক বন্দ্যোপাধ্যায়।

২৭ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে উৎসব সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হবে। নৃত্য পরিবেশন করবেন সাদিয়া ইসলাম মৌ ও তার দল। সংগীত পরিবেশন করবেন বুলবুল ইসলাম, অণিমা রায় ও শারমীন সাথী ইসলাম। সরোদ বাজাবেন ওস্তাদ শাহাদাত হোসেন খান। পরদিন সকাল ১০টায় সেমিনার হলে ‘নাট্যচর্চা, সাধ নাকি স্বপ্ন’ বিষয়ে থাকবে সেমিনার। মূল বক্তা শমীক বন্দ্যোপাধ্যায়। বেলা সাড়ে তিনটায় ‘যেভাবে বেড়ে উঠি’ শিরোনামে বক্তব্য দেবেন মামুনুর রশীদ। সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় পার্বতীপুরের ইয়াংস্টার থিয়েটার মঞ্চায়ন করবে ‘রাষ্ট্র বনাম’ নাটকটি। নির্দেশনায় আমজাদ হোসেন। পরীক্ষণ থিয়েটার হলে আরণ্যক নাট্যদল মঞ্চায়ন করবে মামুনুর রশীদের রচনা ও নির্দেশনায় নাটক ‘রাঢ়াঙ’।

২৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় স্টুডিও থিয়েটারে বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘের সম্মিলনী ও শুভেচ্ছা নিবেদন। বিকেল সাড়ে চারটায় সেমিনার হলে থাকছে ‘মামুনুর রশীদের নাট্যভাবনা এবং আমাদের নাট্যচর্চা’ শীর্ষক আলোচনা। মুখ্য আলোচক সৈয়দ মনজুরুল ইসলাম। আলোচক হিসেবে থাকবেন বিশ্বজিৎ ঘোষ ও মলয় ভৌমিক। সঞ্চালক আজাদ আবুল কালাম। সন্ধ্যা ছয়টায় জাতীয় নাট্যশালায় মামুনুর রশীদকে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন। ‘অভিনন্দন জীবন ও শিল্পের মামুনুর রশীদ’ শীর্ষক শুভেচ্ছা বক্তব্য দেবেন রামেন্দু মজুমদার, নাসির উদ্দীন ইউসুফ ও লিয়াকত আলী লাকী। এদিন সন্ধ্যা সোয়া সাতটায় নাট্যশালায় মামুনুর রশীদের রচনা ও নির্দেশনায় আরণ্যক নাট্যদলের নতুন প্রযোজনা ‘ফেসবুক’ এর উদ্বোধনী প্রদর্শনী হবে।

পর দিন ১ মার্চ এ নাটকের দ্বিতীয় প্রদর্শনী হবে। ২ মার্চ জাতীয় নাট্যশালায় মঞ্চায়িত হবে মামুনুর রশীদের রচনা ও ফয়েজ জহিরের নির্দেশনায় বাঙলা থিয়েটারের প্রযোজনা ‘চে’র সাইকেল’। ৩ মার্চ জাতীয় নাট্যশালায় মামুনুর রশীদের রচনা ও নির্দেশনায় সঙক্রান্তি নাটকের প্রদর্শনীর মধ্য দিয়ে উৎসবের সমাপনী হবে।