জোরপূর্বক অশ্লীল ছবি তুলে প্রতারণা, গ্রেপ্তার ২

বাসায় টেলিভিশন মেরামতের জন্য ডেকে নিয়ে জিম্মি করে নারীদের সঙ্গে জোরপূর্বক অশ্লীল ছবি ধারণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা বিভাগের সাইবার ক্রাইম টিম।

বুধবার চট্টগ্রামের চান্দগাঁও থানার ফরিদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- চান্দগাঁও মৌলভীপুকুর পাড় এলাকার মো. জয়নাল আবেদীন ওরফে সাকিব (২৩) ও ফটিকছড়ি মধ্যম কাঞ্চননগর এলাকার সুমি আক্তার (২৮)।

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন জানান, গত সোমবার সন্ধ্যায় এক ব্যক্তিকে ফরিদারপাড়া এলাকায় টিভি মেরামতের কথা বলে ডেকে নেয় প্রতারক চক্রের সদস্যরা। বাসায় গেলে ওই ব্যক্তিকে আটকে রেখে নারী সদস্যদের সঙ্গে জোরপূর্বক অশ্লীল ছবি ধারণ করে। পরে ওই ব্যক্তির পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে বিকাশের মাধ্যমে ৪৫ হাজার হাতিয়ে নেয়। বাকি টাকা প্রদানের জন্য শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে।

তিনি আরও জানান, ভিকটিমের পরিবার পুলিশের কাছে অভিযোগ করলে অভিযান চালিয়ে এ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ প্রেমের ফাঁদে ফেলে, টিভি-ফ্রিজ ঠিক করা ও বৈদ্যুতিক কাজ করার কথা বলে তরুণ, যুবক ও ব্যবসায়ীদের জিম্মি করে শারীরিকভাবে নির্যাতন করে ও মহিলাদের সঙ্গে আপত্তিকর ছবি তুলতে বাধ্য করত বলে স্বীকার করে। তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওয়েবসাইটে সেসব ছবি প্রকাশ করার হুমকি দিয়ে মুক্তিপণ আদায় করত।