টোকিও অলিম্পিক ঘিরে অনিশ্চয়তা আরো বাড়ল। করোনাভাইরাস আতঙ্কে পরিস্থিতি এতটাই জটিল যে, শিগগিরই করোনা আতঙ্ক না কমলে পুরোপুরি বাতিল হতে পারে ক্রীড়াজগতের সবচেয়ে বড় এই আসর। এমন আশঙ্কার কথাই জানিয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য ডিক পাউন্ড।
ডিক পাউন্ড বলেন, ‘এই ভাইরাসের প্রকোপ যদি না কমে, তাহলে অলিম্পিক সরাসরি বাতিলই করতে হবে। অ্যাথলেটদের নিরাপত্তা, স্পোর্টস ভিলেজ, খাবার–দাবার, হোটেল, সাংবাদিক বন্ধুদের নিরাপত্তা সবার আগে দেখতে হবে। কিছুদিন পরই আমরা গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করব। যদি সবকিছু স্বাভাবিক থাকে, তবেই সঠিক সময়ে অলিম্পিক হবে। নইলে বাতিল হয়ে যাবে। পিছিয়ে দেওয়া বা স্থানান্তরের কোনো প্রশ্ন নেই।’
বছরের শুরু থেকে চীনে বড় সংকট হয়ে দেখা দিয়েছে নতুন ধরনের জীবাণু, নোভেল করোনাভাইরাস। খুব কম সময়ের মধ্যেই তা মহামারির আকার ধারণ করেছে। এরই প্রায় ৩ হাজার মানুষ মারা গেছেন।
প্রতিবেশী জাপানেও এর প্রকোপ প্রবল। ইতিমধ্যেই জাপানে করোনার প্রভাবে কয়েকজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত অনেকেই। টোকিওতেও করোনার প্রভাব যথেষ্ট লক্ষণীয়।
এরই মধ্যে করোনা আতঙ্কে জাপানের প্রথম ডিভিশনের ফুটবল টুর্নামেন্ট জে লিগের খেলা বন্ধ রাখা হয়েছে। এসবের মধ্যে জুলাইয়ের শেষেই টোকিওতে অলিম্পিকের আসর বসার কথা।