ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কেরানীগঞ্জে ৩ পানির কারখানা সিলগালা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নে অবৈধ পানির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুর ১২টায় পূর্ব ইমাম বাড়ি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে তিনটি কারখানা সিলগালা করা হয়। এর মধ্যে দুটি কারখানার দুজন কর্মচারীকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন  মো. মনির (৪৩) ও আনোয়ার হোসেন (৩৮)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মনির হোসেনকে ৭ ও আনোয়ার হোসেনকে ১৫ দিনের সাজা দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ।

কারখানাগুলোতে দেখা যায়, মোটরের সাহায্যে মাটির গভীর থেকে পানি তুলে ফিল্টারিং ছাড়াই সরাসরি বোতলজাত করা হচ্ছে। কোনো কারখানাতেই পানি ফিল্টার করার স্বয়ংক্রিয় যন্ত্র নেই। প্রতিটি কারখানার পরিবেশ খুবই অস্বাস্থ্যকর।