নারী কেলেঙ্কারির অভিযোগে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির দুই সদস্যকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। তারা হলেন হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবুল কালাম ও অ্যাডভোকেট আবুল খায়ের আজাদ। গতকাল বুধবার জেলা আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভায় তাদের বহিষ্কারের এ সিদ্ধান্ত হয়।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রুহুল হাসান শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, সম্প্রতি সাপ্তাহিক ছুটির দিনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তৃতীয় তলায় এপিপির কক্ষে দরজা বন্ধ অবস্থায় এক নারীর সঙ্গে পাওয়া যায় আবুল কালামকে। বিষয়টি জানতে পেরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী ঘটনাস্থলে গিয়ে এ সম্পর্কে আবুল কালামকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার সঙ্গে অশোভন আচরণ করেন। এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় তিনি গ্রেপ্তার হন। কিছুদিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান কালাম।
গত ৭ জানুয়ারি আবুল খায়ের আজাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন এক কলেজছাত্রী।