মির্জাপুরে জমি পেল ৫৮০ ভূমিহীন পরিবার

মুজিববর্ষ উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরকে ভূমিহীনমুক্ত করার লক্ষ্যে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ৫৮০ ভূমিহীন পরিবারকে সরকারি জমি বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বরাদ্দ করা জমির দলিল ভূমিহীনদের কাছে হস্তান্তর করা হবে বলে সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হক জানিয়েছেন।

জানা গেছে, উপজেলার একটি পৌরসভা ও ১৪ ইউনিয়নে আনুমানিক তিন সহস্রাধিক ভূমিহীন পরিবার রয়েছে। গত ৮ মাস আগে মো. মঈনুল হক মির্জাপুরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করার পর উপজেলার ভূমিহীনদের কাছ থেকে আবেদন আহ্বান করেন এবং সরকারি খাসজমি চিহ্নিত করতে থাকেন। এরপর যাচাই-বাছাই করে ৫৮০ ভূমিহীন পরিবারের মধ্যে ৩২ একর জমি বরাদ্দ দেন। ইতিমধ্যে ভূমিহীনদের নামে বরাদ্দ করা জমির সাফকবলা দলিল সম্পন্ন হয়েছে।

মো. মঈনুল হক বলেন, ভূমিহীনদের সংখ্যা অনেক। তাই তাদের একটু মাথা গোঁজার ঠাঁই করে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।