সৌম্য-পূজার বউভাতে ১০ পদের আপ্যায়ন

অতিথিদের আগমনের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ড্যাশিং ওপেনার সৌম্য সরকারের বিয়ে পরবর্তী বউভাত ও সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এতে অতিথিদের ১০ পদের খাবার দিয়ে আপ্যায়নের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও রাখা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাতটার পর থেকে একে একে অতিথিদের আগমন শুরু হয়। বউভাত উপলক্ষে মোজফ্ফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট সাজানো হয়েছে নান্দনিক আলোকসজ্জায়। রিসোর্টের ভিআইপি এলাকায় চলছে বউভাতের অনুষ্ঠান। মূল ফটক ছাড়াও আরও ছয়টি ফটক নির্মাণ করা হয়েছে।

আমন্ত্রিত অতিথিদের জন্য রয়েছে আলাদা বসার স্থান। অতিথিদের খাওয়ার ব্যবস্থার জন্য বানানো হয়েছে বড় দুটি প্যান্ডেল। নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

সৌম্য সরকারের মামা ক্রীড়াবিদ কিরন্ময় সরকার জানান, বউভাতে খাওয়ার মেন্যুতে রাখা হয়েছে- নান রুটি, খাসির কালা ভুনা, কাচ্চি বিরিয়ানি, খাসির রেজালা, মিষ্টি, ফুচকা, চটপটি, চা, কফি, সফট ড্রিংকস। আর রাত্রে খাওয়া দাওয়া শেষে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানের সব দেখভাল করছেন সৌম্য সরকারের ভাই প্রণব সরকার ও পুষ্পেন সরকার। বাবা সাবেক শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার ও মা নমিতা সরকার আছেন অতিথি বরণে।

মোজফ্ফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট এর ম্যানেজার আতিকুল আলম জানান, সৌম্যের বিয়ে উপলক্ষে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ১৩টি ভবনের ৫৫টি ভিআইপি কক্ষ ভাড়া নেওয়া হয়েছে। এসব কক্ষে দুই শতাধিক অতিথি থাকতে পারবেন।