করোনাভাইরাসে আক্রান্তদের জন্য অর্থ সংগ্রহ করছে সিঙ্গাপুরের একটি মুসলিম দাতব্য প্রতিষ্ঠান। অর্থ সংগ্রহের জন্য তারা বিভিন্ন মসজিদে প্রচারণা চালাচ্ছে। গত ২৬ ফেব্রুয়ারি প্রচারণা শুরু হয়েছে। আগামী ৫ মার্চ পর্যন্ত প্রচারণা ও অর্থসংগ্রহ কর্মসূচি চলবে। সংগৃহীত অর্থ দেশটির করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় ব্যয় করা হবে। সিঙ্গাপুরের সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমসে প্রকাশিত প্রতিবেদনে এমনটা জানা গেছে।
এই উদ্যোগটি নিয়েছে ইসলামিক রিলিজিয়াস কাউন্সিল অব সিঙ্গাপুর (এমইউআইএস) কর্তৃক প্রতিষ্ঠিত ‘দ্য রাহমাতুল লিল-আলামিন ফাউন্ডেশন’ (আরএলএএফ)। প্রতিষ্ঠানটি ২০০৯ সাল থেকে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
আরএলএএফ জানিয়েছে, শুক্রবার সিঙ্গাপুরের ৭০টি মসজিদে একযোগে এই অর্থ সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া অনলাইনেও প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
আরএলএএফের নির্বাহী পরিচালক জায়নুল আবিদিন ইবরাহিম সংবাদমাধ্যমকে বলেন, ‘একটি সহযোগিতা ও সহমর্মিতাপূর্ণ সমাজ গঠনে সিঙ্গাপুরের মুসলিমদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি।’ তিনি আরও বলেন, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের সংগ্রহ ছিল এক মিলিয়ন ডলার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মধ্য চীন থেকে ছড়িয়ে পড়া ভয়ংকর করোনাভাইরাসে এই পর্যন্ত ৩২টি দেশের ৭৮ হাজার ৮১১ জন আক্রান্ত হয়েছে এবং ২ হাজার ৪৬২ জন মারা গেছে। সিঙ্গাপুর ঝুঁকির শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম।