শচিনকে আউট করে জীবন শঙ্কায় পড়েছিলেন ম্যাকগ্রা!

শচিন টেন্ডুলকারকে আউট করে একবার জীবন শঙ্কায় পড়েছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা। সরাসরিই হত্যার হুমকি পেয়েছিলেন তিনি। এক সাক্ষাৎকারে নিজেই এসব বলেছেন অজি কিংবদন্তি।

১৯৯৯ সালে অ্যাডিলেড টেস্টের ঘটনা। শচিনকে লেগ বিফোর করেছিলেন ম্যাকগ্রা। আম্পায়ারের দেওয়া সিদ্ধান্তটা বিতর্কিত ছিল। এরপরের অভিজ্ঞতা সম্প্রতি ম্যাকগ্রা ব্যক্ত করেছেন টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে।

তিনি জানিয়েছেন, ‘এটা লজ্জার যে তখন ডিআরএস ছিল না। সেই সময়ে শচীন সবে মাত্র ক্রিজে এসেছিল। বোধ হয় রানের খাতাও খোলেনি। শূন্য রানে ব্যাটিং করছিল। ওকে আমি বাউন্সার দিয়ে ক্রিজে নড়িয়ে দিতে চেয়েছিলাম। তবে সেই বল উচ্চতায় ওঠেনি, নিচু হয়েছিল। সেই সময়ে শচীনের উচ্চতাও বেশি ছিল না।’

ম্যাকগ্রা বলে যান, ‘ও নিচু হয়ে বল ডাক করতে গিয়েছিল। সেই সময়েই বল কাঁধে আছড়ে পড়ে। যে অ্যাঙ্গেলে আমি দেখছিলাম, সেই সময়ে আমার মনে হয়েছিল বল স্ট্যাম্পে লাগতে পারত। শচিনের মাথার ওপর দিয়ে বেল দেখতে পাচ্ছিলাম। আমি আবেদন করার সঙ্গে সঙ্গেই আম্পায়ার আউট দিয়ে দিয়েছিলেন।’

কিন্তু এরপরই তৈরি হয় বিপত্তি। ম্যাকগ্রা বলেন, ‘তারপর আমরা মেলবোর্ন আর সিডনিতে টেস্ট খেলেছিলাম। সফরেই মাঝে বেশ কয়েকবার মৃত্যুর হুমকি দেওয়া হয়। যদিও আমার নিরাপত্তা বেশ কড়া ছিল। সিডনিতে আমার পরিবারের উপরেও নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। কারণ ক্রিকেট অস্ট্রেলিয়াকেও হুমকি দেওয়া হয়েছিল।’