গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, বিয়েতে যাওয়ার পথে নিহত ৫

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাদিরপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাঁচজনের মৃত্যু হয়েছে। প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে উল্টে যায়।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কাদিরপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজশাহী নগরীর দেবিশিংপাড়া এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে মোশাবেব আলী (৪০), তার স্ত্রী হাসনারা (৩৫), চাঁপাইনবাবগঞ্জের চর চাকলা দেবীনগর এলাকার আলী মুর্তজার মেয়ে আসিয়া (৩০), চালক মাহবুবুর রহমান ও চার মাসের শিশু আদিব আল হাসান।

রাজশাহী শহর থেকে প্রাইভেটকারযোগে গোদাগাড়ীতে বিয়ের দাওয়াত খেতে যাচ্ছিল পরিবারের সদস্যরা।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বলেন, রাজশাহী থেকে প্রাইভেটকারটি গোদাগাড়ীর দিকে যাচ্ছিল। কাদিরপুরে কারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে উল্টে যায়।

তিনি জানান, এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর আহত চারজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে আরও দুজনকে মৃত ঘোষণা করা হয়।