পাঁচবিবিতে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

জয়পুরহাটের পাঁচবিবিতে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে রাব্বী (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে পাঁচবিবি উপজেলার কদমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক ওই উপজেলার কদমতলী খাসবাগুড়ী গ্রামের মোস্তাকিম ফকিরের ছেলে।

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ওই বিধবা নারী তার ঘরে একা ঘুমিয়েছিলেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে যুবকটি বিধবার ঘরে প্রবেশ করে জোর পূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় ভুক্তভোগী বিধবা নারী শুক্রবার দুপুরে থানায় এসে রাব্বীকে আসামি করে মামলা দায়ের করলে, রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পাঁচবিবি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাইসুল ইসলাম, রাব্বীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবারে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।