গণহিস্টিরিয়ায় আক্রান্ত ২৯ নারী শ্রমিক: করোনা গুজবে রোগীদের হাসপাতাল ত্যাগ

নীলফামারী শহরের হাড়োয়া গ্রামে পরচুলা তৈরির চায়না কারখানা গোল্ডেন টাইমিং মেনুফ্যাকচারিং লিমিটেডে গণহিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে ২৯ নারী শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের সহকারী পরিচালক মো. মেজবাহুল হাসান চৌধুরী জানান, হাসপাতালে আসা সবার মধ্যে একই উপসর্গ দেখা গেছে। প্রত্যেকে আতঙ্কগ্রস্ত, যেটিকে গণহিস্টিরিয়া বলা হয়। এখন সবাই শঙ্কামুক্ত। দ্রুতই তারা বাড়ি ফিরতে পারবেন।

এদিকে একসঙ্গে ২৯ নারীকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে আনা হলে, অন্য রোগীদের মধ্যে করোনাভাইরাসের গুজব ছড়িয়ে পড়ে। এ সময় আতঙ্কে অনেক রোগী হাসপাতাল ছাড়তে শুরু করেন।

সংশ্লিষ্টরা জানান, শনিবার সকাল ৭টার দিকে শ্রমিকরা কারখানায় কাজ শুরু করেন। ১০টার দিকে প্রথম ফ্লোরে সিমা রানী ও নিপা রায় অসুস্থবোধ করেন। অল্প সময়ের মধ্যে ফ্লোরের আরও ২৭ জন অসুস্থ হয়ে পড়েন।

সিমা রানী জানান, কাজ শুরুর দুই ঘণ্টা পর মাথা ব্যথা করতে থাকে। বমি শুরু হলে তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। নিপা রায় জানান, অন্যরা অসুস্থ হচ্ছে দেখে তিনি ভয় পেয়ে যান। হাসপাতালে আসার পর সুস্থবোধ করছেন।

কারখানার প্রশাসনিক কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, হঠাৎ শ্রমিকরা অসুস্থ হয়ে পড়লে, কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এভারগ্রিন প্রোডাক্ট বিডি লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠানটিতে মোট ২ হাজার ৪০০ শ্রমিক কাজ করেন। এর মধ্যে প্রথম ফ্লোরে ৮০০ নারী শ্রমিকের মধ্যে ২৯ জন অসুস্থ হয়ে পড়েন। এভারগ্রিন প্রোডাক্ট বিডি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক মো. ফেরদৌস আলম জানান, চিকিৎসকরা জানিয়েছেন- গুরুতর কোনো সমস্যা হয়নি। আতঙ্কে সবাই অসুস্থ হয়ে পড়েছেন।

হাসপাতালের সহকারী পরিচালক আরও জানান, করোনাভাইরাস গুজবে অন্যান্য রোগীরা হাসপাতাল ছাড়তে শুরু করেন। পরে আশ্বস্ত হলে সবাই ফিরে আসেন।