তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে একটি আধুনিক অ্যানিমেশন ও ডিজাইন ল্যাব স্থাপন করা হবে। যাতে আমাদের শিল্পীরা সারা বিশ্বে প্রযুক্তির সহযোগিতা নিয়ে নিজেদের আরও তুলে ধরতে পারে।’
শনিবার দুপুরে নীলফামারীর নীলসাগরে চার দিনব্যাপী চলা তৃতীয় আন্তর্জাতিক চারুকলা উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
চার দিনের আন্তর্জাতিক চারুকলা উৎসবে অংশ নেওয়া নীলফামারীর ২০০ শিশু চিত্রশিল্পীর উদ্দেশে তিনি বলেন, ‘যদি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের হাত থেকে এ দেশকে রক্ষা না করতেন, তাহলে তোমরা স্বাধীনভাবে ছবি অঁাকতে পারতা না। এই দেশ মেধাশূন্য হয়ে থাকত। শিল্পকলার মাধ্যমে নিজেদের একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে। তোমরাই দেশের ভবিষ্যৎ রাজনীতিতে নেতৃত্ব দেবে।’
আন্তর্জাতিক চারুকলা উৎসবের প্রধান পৃষ্ঠপোষক স্থানীয় সাংসদ ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে বক্তব্য দেন বরেণ্য শিল্পী অধ্যাপক রফিকুন নবী, উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রাফিক ডিজাইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইউনুস, কিউরেটর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ টুটুল, জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মুহাম্মদ মোখলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক প্রমুখ।
উৎসবে দেশবরেণ্য শিল্পীদের পাশাপাশি যুক্তরাষ্ট্র, ভারত, নেপালসহ কয়েকটি দেশের চিত্রশিল্পীরা অংশ নেন।