জয়পুরহাটে মাটিতে স্বামীর, গাছে ঝুলছিল স্ত্রীর লাশ

জয়পুরহাট আক্কেলপুর উপজেলার গুডুম্বা চাত্রা গ্রামে স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার ভোরে পুলিশ খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে।

গ্রামের পুকুর পাড়ের একটি জঙ্গলে মাটিতে স্বামী শাহীন ইসলামের (৩৫) লাশ পড়ে ছিল আর স্ত্রী আশাতুল বেগমের (৩২) লাশ ঝুলছিল গাছে।

নিহত শাহীন একই গ্রামের গুডুম্বা দাসড়া গ্রামের আবু তাহেরের ছেলে এবং স্ত্রী আশাতুল বেগম মৃত আব্দুল জলিলের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার ভোরে পার্শ্ববর্তী গুডুম্বা চাত্রা গ্রামের পুকুর পাড়ের জঙ্গলে একটি গাছে স্ত্রীর মরদেহ ঝুলতে ও মাটিতে স্বামীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

স্ত্রী আশার মা শেফালী বেগম জানান, ১২ বছর আগে ওই দম্পতির বিয়ে হয়। তাদের সাদিয়া নামের ৭ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। শনিবার রাতে খাওয়া-দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়েন। ভোরে এ ঘটনার খবর পান তারা।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা ঘটে থাকতে পারে। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।