তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৩২২ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক বাংলাদেশ।
লিটন দাসের সেঞ্চুরি, মোহাম্মদ মিঠুনের ফিফটি ও মোহাম্মদ সাইফউদ্দিনের শেষের ঝড়ে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩২১ রান করে টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে এটিই বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড।
রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে লিটন ১২৬ রান করেন। তার ১০৫ বলের ইনিংসে ছিল ১৩টি চার ও ২ ছক্কা। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।
এ ছাড়া মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে এসেছে ৫০ রান। ৩২ রান এসেছে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে। সাইফউদ্দিন ১৫ বলে অপরাজিত ২৮ রান করেছেন ৩ ছক্কায়। ক্রিস এমপোফুর শেষ ওভারে ছক্কা তিনটি মেরেছেন তিনি। ওভারটিতে তুলেছেন মোট ২২ রান।
জিম্বাবুয়ের পক্ষে সর্বাধিক ২ উইকেট এমপোফুর।
মিঠুনের ফিফটি
ওয়ানডে ক্যারিয়ারে নিজের পঞ্চম ফিফটির দেখা পেলেন মোহাম্মদ মিঠুন। ক্রিস এমপোফুর করা ৪৮তম ওভারের চতুর্থ বলে বাউন্ডারি হাঁকিয়ে ফিফটি পূরণ করেন তিনি। তবে পরের বলেই এলবিডব্লিউ হয়ে ফিরে গেছেন এই ব্যাটার।
৪৭.৫ ওভারে বাংলাদেশের স্কোর ২৮৯/৫। সাইফউদ্দিনের সঙ্গে মেহেদেী হাসান মিরাজ এখন ব্যাট করছেন।
ফিরলেন মাহমুদউল্লাহ
ক্রিস এমপোফুর শিকার হয়ে ফিরলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাতে চতুর্থ উইকেট হারাল বাংলাদেশ। ৪৫.৫ ওভারে স্বাগতিকদের স্কোর ২৭৪/৪।
ফেরার আগে মাহমুদউল্লাহ ২৮ বলে ২ চার ও ১ ছক্কায় ৩২ রান করেন।
এমপোফুর বল মাহমুদউল্লাহর প্যাডে লাগলে আবেদন করে জিম্বাবুয়ে। কিন্তু আম্পায়ার তাতে সাড়া দেননি। পরে রিভিউ নিয়ে উইকেট পায় জিম্বাবুয়ে।
মাহমুদউল্লাহ এদিন ওয়ানডে ক্যারিয়ারে ৪ হাজার রানের মাইলফলক পেরিয়েছেন।
২৫০ পেরোল বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট করছে বাংলাদেশ। ৪৪ ওভারে স্বাগতিকদের দলীয় স্কোর ২৫০ ছাড়িয়েছে। মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ মিঠুন পঞ্চম উইকেট জুটিতে ব্যাট করছেন। এই জুটিও পঞ্চাশ পেরিয়েছে।
৪৫ ওভার শেষে বাংলাদেশ ২৬৬/৩। মাহমুদউল্লাহ ৩১ ও মোহাম্মদ মিঠুন ৩২ রান নিয়ে ব্যাট করছেন।
২০০ পার বাংলাদেশের
ওপেনার লিটন দাসের দুর্দান্ত ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বড় সংগ্রহ গড়তে যাচ্ছে বাংলাদেশ। ৩৭ ওভারের প্রথম বলেই দলের রান দুইশো স্পর্শ করে। উইকেটে আছেন সেঞ্চুরি হাঁকানো লিটন দাস ও মাহমুদউল্লাহ রিয়াদ।
অবশ্য ছক্কা হাঁকাতে গিয়ে হাতের পেশীতে টান পেয়ে রিটায়ার্ড করেছেন লিটন। তার জায়গায় ব্যাটিংয়ে নেমেছেন মোহাম্মদ মিঠুন। মাহমুদউল্লাহর সঙ্গে জুটি গড়েছেন তিনি।
ওয়ানডেতে পারলেন না মুশফিক
একমাত্র টেস্টে দাপুটে ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরি হাঁকালেও জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুটা ভালো করতে পারলেন না মুশফিকুর রহিম। অতিথি পেসার তিরিপানোকে খেলতে গিয়ে কট বিহাইন্ড হয়ে ফেরেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। এর আগে ২৬ বলে ১৯ রান করে যান তিনি।
মুশফিকের বিদায়ের পর পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেঞ্চুরি হাঁকানো লিটনের সঙ্গে জুটি গড়েছেন তিনি।
লিটনের সেঞ্চুরি
অসাধারণ ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ফিফটির পর সেঞ্চুরিরও দেখা পেয়েছেন লিটন দাস। এই ওপেনারের ব্যাটের ওপর ভর করে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
ইনিংসের ৩৪তম ওভারের প্রথম বলে পেসার তিরিপানোকে চার হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। এ জন্য তাকে খেলতে হয়েছে ৯৫টি বল। হাঁকান ১০টি চার ও একটি ছক্কা!
ওয়ানডে ক্যারিয়ারে এটা লিটনের দ্বিতীয় সেঞ্চুরি। প্রথম শতকের দেখা পেয়েছিলেন ২০১৮ সালের সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে।
ৱবড় ইনিংসের আশা দেখিয়ে ফিরলেন শান্ত
শুরু থেকেই মারমুখী হওয়ার প্রবণতা। প্রতি বলেই হিট করার চেষ্টা। এমন করে উইকেটে বেশিক্ষণ টিকতে পারলেন না নাজমুল হোসেন শান্ত। বড় ইনিংস খেলার সম্ভাবনা জাগিয়ে টিনোটেন্ডা মাটুমবডজির বলে এলবিডব্লিউ’র শিকার হলেন তিন নম্বরে নামা এই ব্যাটসম্যান।
উইকেট ছাড়ার আগে ৩৮ বলে দুই ছক্কা ও এক চারে ২৯ রান করেন যান শান্ত। ওপেনার লিটন দাসের সঙ্গে দ্বিতীয় উইকেটে গড়েন ৮০ রানের জুটি। শান্তর বিদায়ে চার নম্বরে ব্যাটিংয়ে নেমেছেন মুশফিকুর রহিম।
একশো পেরিয়ে বাংলাদেশ
অসাধারণ ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বড় সংগ্রহের ভিত গড়েছে বাংলাদেশ। দ্বিতীয় উইকেট জুটিতে নাজমুল হোসেন শান্তকে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ওপেনার লিটন দাস।
কুড়িতম ওভারের প্রথম বলে তিরিপানোর বলে লিটন চার হাঁকালে তিন অঙ্ক স্পর্শ করে বাংলাদেশ ইনিংস।
লিটনের দাপুটে ফিফটি
শুরু থেকে আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে অর্ধশতক তুলে নিয়েছেন লিটন দাস। ফিফটি পূর্ণ করতে বাংলাদেশ দলের এই ওপেনার খেলেছেন ৪৫ বল। তাতে চারের মার ছয়টি ও ছক্কার মার একটি!
গত বছরের জুলাইয়ে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলার পর এই প্রথম অর্ধশতকের কোটা ছুঁলেন লিটন।
ওয়ানডে ক্যারিয়ারে চতুর্থ ফিফটি হাঁকানোর পথে ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গে গড়েছেন ৬০ রানের জুটি। তামিমের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে জুটি গড়েছেন নাজমুল হোসেন শান্তর সঙ্গে।
থিতু হয়ে ফিরলেন তামিম
সময়ের সঙ্গে উইকেটে নিজেকে মানিয়ে নিয়েছিলেন তামিম ইকবাল। এগুচ্ছিলেন লম্বা ইনিংস খেলার পথে। এমন অবস্থায় জিম্বাবুয়ের অভিষিক্ত অফস্পিনার ওয়েসলি মেদভেরির বলে এলবিডব্লিউ হয়ে উইকেট ছাড়া হলেন তামিম (২৪)। পার পেলেন না রিভিউ নিয়েও।
দলীয় ৬০ রানে ওপেনিং ফাটল ধরল বাংলাদেশের ওপেনিং জুটিতে। তামিমের বিদায়ে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমেছেন নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশের পঞ্চাশ
তামিম ইকবাল ও লিটন দাসের ব্যাটে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। অভিষিক্ত ওয়েসলি মাধেভেরের বলে তামিমের বাউন্ডারিতে দল ও জুটির রান গেছে পঞ্চাশে।
৬৩ বলে এসেছে উদ্বোধনী জুটির পঞ্চাশ। ১১ ওভারে বাংলাদেশের স্কোর ৫১/০। তামিম ২২ ও লিটন ২৭ রানে ব্যাট করছেন।
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে অতিথিদের ইনিংস ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ওয়ানডেতেও একই পারফরম্যান্স দেখাতে চায় লাল-সবুজ দল।
ওয়ানডেতে বাংলাদেশের সবশেষ জয়টি ছিল ২০১৯ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে। এরপর টানা পাঁচ ম্যাচ হার। টাইগারদের লক্ষ্য হবে চেনা প্রতিপক্ষ জিম্বাবুয়েকে হারিয়ে এই ব্যর্থতায় ছেদ ঘটানো।
সাত মাস পর ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। স্বভাবতই এই ম্যাচে সবার নজর থাকছে অধিনায়ক মাশরাফীর দিকে। সেই বিশ্বকাপের পর খেলায় ফিরছেন ‘লড়াইল এক্সপ্রেস’।
মাশরাফীর পাশাপাশি নজরে থাকছেন মুশফিকুর রহিমও। সিরিজের একমাত্র টেস্টে অপরাজিত থেকে দুইশো ছাড়ানো ইনিংস খেলা অভিজ্ঞ এই ব্যাটসম্যান নৈপুণ্য ধরে রাখতে পারেন ওয়ানডেতেও।
চোট কাটিয়ে একাদশে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। একাদশে ফিরেছেন সদ্য সমাপ্ত বিসিএলে অসাধারণ নৈপুণ্য দেখানো নাজমুল হোসেন শান্ত। ২০১৮ সালের এশিয়া কাপের পর এই প্রথম দেশের জার্সিতে ওয়ানডে খেলতে নামলেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, মাশরাফী বিন মোর্ত্তুজা (অধিনায়ক) ও মুস্তাফিজুর রহমান
জিম্বাবুয়ে একাদশ:চামু চিবাবা (অধিনায়ক), টিনাশে কামুনহুকামউই, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, রেজিস চাকাভা, রিচমন্ড মুতুমবামি, টিনোটেন্ডা মাটুমবডজি, ডনাল্ড টিরিপানো, ক্রিস এমপোফু, কার্ল মুম্বা