লিটনের সেঞ্চুরিতে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

দৃষ্টিনন্দন এক সেঞ্চুরি এল লিটন দাসের ব্যাট থেকে। লোয়ার অর্ডারে দারুণ ব্যাটিং করলেন মোহাম্মদ মিঠুন ও মোহাম্মদ সাইফউদ্দিন। এই তিনের ব্যাটে ভর করে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ গড়ল সর্বোচ্চ রানের পুঁজি।

রবিবার জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে ৬ উইকেটে ৩২১ রানের পুঁজি গড়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে এটিই সর্বোচ্চ পুঁজি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। উদ্বোধনী জুটিতে লিটন দাস ও তামিম ইকবাল যোগ করেন ৬০ রান। তামিম ব্যক্তিগত ২৪ রান করে ফিরলে তিনে নামা নাজমুল হোসেন শান্তর সঙ্গে দারুণ জুটি গড়েন লিটন। শান্ত খেলেছেন ২৯ রানের ইনিংস। এরপর মুশফিক খেলেন ১৯ রানের ইনিংস।

মুশফিক ফেরার পর মাহমুদউল্লাহর সঙ্গে ২৪ রান যোগ করেন লিটন দাস। এরপর তাকে মাঠ ছাড়তে হয় চোট নিয়ে। ফেরার আগে লিটনের সংগ্রহ ছিল ১২৬। তার ১০৫ বলের ইনিংসে ছিল ১৩টি চার ও ২ ছক্কা। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। আর দেশের মাটিতে প্রথম। তার আগের সেঞ্চুরিটি ছিল ২০১৮ এশিয়া কাপে ভারতের বিপক্ষে।

লিটন ফেরার পর বাংলাদের রান তোলার গতি কমে। ষষ্ঠ উইকেটে মাহমুদউল্লাহ ও মোহাম্মদ মিঠুন ৬৮ রান যোগ করেন। ৩২ রান এসেছে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে। মিঠুন ওয়ানডে ক্যারিয়ারে পঞ্চম ফিফটি পেয়েছেন। ৪১ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫০ রান করেন তিনি।

এরপর সাইফউদ্দিনের শেষের ঝড়ে বাংলাদেশ পায় জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড সংগ্রহ। সাইফউদ্দিন ১৫ বলে অপরাজিত ২৮ রান করেছেন ৩ ছক্কায়। ক্রিস এমপোফুর শেষ ওভারে ছক্কা তিনটি মেরেছেন তিনি। ওভারটিতে তুলেছেন মোট ২২ রান।

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের আগের সর্বোচ্চ ছিল ৮ উইকেটে ৩২০। আর সব মিলে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ পুঁজি ৮ উইকেটে ৩৩৩। যেটি গত বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিল টাইগাররা।

জিম্বাবুয়ের পক্ষে এদিন সবচেয়ে সফল বোলার ক্রিস এমপোফু। ২ উইকেট পেয়েছেন তিনি।