নারায়ণগঞ্জের রূপগঞ্জে চোরের দল অভিনব কায়দায় দুই ভাইয়ের গোয়াল ঘর থেকে মোট ১১ টি গরু চুরি করে নিয়ে গেছে। শনিবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার মাইটাহারি এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল করিম জানান, গরু পালনই তাদের দুই ভাইয়ের পরিবারের আয়ের প্রধান মাধ্যম। গরুগুলো চুরি হওয়ায় যাওয়ায় তারা বিশাল ক্ষতি সম্মুখীন হয়েছে। গরু না থাকায় তাদেরকে সংসার চালাতে হিমশিম খেতে হবে।
প্রতিদিনের মতো ওই রাতেও আব্দুল করিম ও ভাই আব্দুল গাফফার গরু গুলো বেঁধে গোয়াল ঘরে রেখে ঘুমাতে চলে যায়। রোববার ভোর ৩ টার দিকে ঘুম ভেঙে গেলে দেখতে পান গোয়াল ঘরে থাকা ৮ টি গরুর একটিও নেই।
পরে আব্দুল করিমের চিৎকারে তার ভাই আব্দুল গাফফার ঘুম থেকে উঠে দেখেন তার খামারে থাকা ৩ টি গরুও নেই।
স্থানীয়রা জানান, গত সপ্তাহে একই এলাকার শাহজাহান নামে এক কৃষকের ৫ টি গরু চুরি হয়েছে। এছাড়া গত ১ এক মাসে পূর্বাচল উপ-শহরসহ আশপাশের এলাকা গুলোতে প্রায় ১’শ গরু চুরির ঘটনা ঘটেছে। পুলিশি তৎপরতা না থাকার কারণেই গরু চুরির ঘটনা দিনদিন বেড়েই চলছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, গরু চুরির ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। গরুর চুরি রোধে পুলিশ যথেষ্ট তৎপর রয়েছে।