ডিমলায় ৬৭ ভারতীয় গরু উদ্ধার, পাচারকারী চক্রের ১ সদস্য আটক

নীলফামারীর ডিমলা উপজেলায় ৬৭টি ভারতীয় গরু উদ্ধার করেছে থানা-পুলিশ। এ সময় গরু পাচারকারী চক্রের সদস্য মোশাররফ হোসেনকে (২২) আটক করা হয়।

রবিবার দুপুরে উপজেলা শহরের বাবুরহাটে অভিযান চালিয়ে এসব গরু উদ্ধার করা হয়। আটক গরু পাচারকারী চক্রের সদস্য মোশাররফ উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের কলনী গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী জানান, উপজেলার একটি প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় একদল পাচারকারী দীর্ঘদিন ধরে অবৈধ পথে ভারত থেকে গরু নিয়ে আসে। এরপর ওই সব গরুর মালিকানার ভুয়া কাগজপত্র তৈরি করে বিক্রি করে আসছিল।  

এদিনও পাচার করে আনা ৬৭টি গরু বাবুরহাটের গরুর হাটে বিক্রির জন্য নিয়ে আসে চক্রটি। পুলিশ খবর পেয়ে গরুগুলো উদ্ধার ও একজনকে আটক করে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত গরুগুলো থানা হেফাজতে রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।