মেয়েদের প্রিমিয়ার লিগ ফুটবলে দাপট ধরে রেখেছে বসুন্ধরা কিংস। রবিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে স্পার্টান এমকে গ্যালাকটিকো সিলেট এফসিকে ১৩-০ গোলে হারিয়েছে জাতীয় দলের একঝাঁক তারকাদের নিয়ে গড়া দলটি।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবকে ১২-০ গোলে উড়িয়ে দিয়েছিল করপোরেট দলটি। অন্যদিকে গ্যালাকটিকো এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচ হারল। প্রথম রাউন্ডে দলটি নাসরিন স্পোর্টিং ক্লাবের বিপক্ষে হেরেছিল ১২-০ গোলে।
এদিন কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথমার্ধে ৬ গোল আদায় করে বসুন্ধরার মেয়েরা। দ্বিতীয়ার্ধে করে আরো ৭ গোল।
টানা দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক পেয়েছেন বসুন্ধরা অধিনায়ক সাবিনা খাতুন। হ্যাটট্রিক পেয়েছেন মনিকা চাকমা। ২টি করে গোল করেছেন তহুরা খাতুন ও মুন্নি আক্তার। ১টি করে গোল করেন কৃষ্ণা রানী সরকার ও শিউলী আজিম। আত্মঘাতী থেকে হয়েছে একটি গোল।